রাজধানীজুড়ে বাসে আগুন ও দফায় দফায় ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৩৮ এএম, ১০ নভেম্বর ২০২৬ মঙ্গলবার
সংগৃহীত ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফার্মগেট, আদাবর, মিরপুর, যাত্রাবাড়ী, সিএমএম আদালত এলাকা, তিতুমীর কলেজের সামনে, বনানী কবরস্থান, গুলশান ও মহাখালীসহ একাধিক স্থানে দুর্বৃত্তরা এসব নাশকতা চালায়। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনকে হাতেনাতে আটক করা হয়েছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে পার্ক করে রাখা ‘লাব্বাইক পরিবহন’-এর একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। কাছাকাছি সময়ে শিল্পাঞ্চল থানার অধীন সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর রাত ৯টার দিকে মিরপুর ১১ নম্বরে পার্কিংয়ে থাকা ‘বসুমতি পরিবহন’-এর আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির আসন ও কাচসহ বিভিন্ন অংশ পুড়ে যায়। রাত ৯টা ৪০ মিনিটের দিকে আদাবরের টোকিও স্কয়ারের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে রাত সাড়ে ৯টার দিকে মগবাজার পুলিশ চেকপোস্টে ককটেল নিক্ষেপের চেষ্টা করলে হাতিরঝিল থানা পুলিশ চারজনকে হাতেনাতে আটক করে।
এ ছাড়া রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে গুলশান-১ থেকে মহাখালীমুখী সড়কে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সড়ক থেকে বনানী কবরস্থান গেটের সামনে এবং পুলিশ প্লাজার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রেজাউল করিম।
রাত ১০টার দিকে তিতুমীর কলেজের গেটের সামনে একটি ককটেল বিস্ফোরিত হলে শিক্ষার্থীরা একজনকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, সিএমএম আদালত এলাকা থেকেও সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার নিয়ে মিছিলের প্রস্তুতিকালে তুরাগ থানা এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তুরাগ থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, থানা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. নূর হোসেন এবং হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি মো. কবির উদ্দিন মেম্বারের নেতৃত্বে ২০-২৫ জন মিছিলের প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে মো. কামরুল ইসলাম (২১), মো. হযরত আলী (২০) ও মো. মিথুল হাসানকে (১৯) গ্রেপ্তার করা হয়। রাজধানীজুড়ে এসব নাশকতার ঘটনায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
