ঢাকা, বৃহস্পতিবার ১২, নভেম্বর ২০২৬ ১৯:১৩:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৭ এএম, ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসতে শুরু করেছে শীত। ভোরে কুয়াশার চাদর, উত্তরের হিমেল বাতাস আর সন্ধ্যা নামতেই বাড়ছে ঠান্ডার অনুভূতি। এরই মধ্যে এক দিনের ব্যবধানে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আগের দিন বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।

এদিন সকালে জেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, হালকা কুয়াশার আবরণ ভেদ করে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সূর্যের আলো। ভোরের আলো ফোটার আগেই জীবিকার তাগিদে কাজে বেরিয়ে পড়ছেন দিনমজুর, চা ও পাথরশ্রমিক, ভ্যানচালকসহ কৃষকরা। তবে উত্তরের হিমেল বাতাসে সকালবেলায় কাজে বের হওয়া শ্রমজীবী মানুষের মধ্যে শীতের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদের কারণে কিছুটা উষ্ণতা থাকলেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই ঠান্ডা বাড়তে থাকে। বিশেষ করে গভীর রাত থেকে ভোর পর্যন্ত হিমেল বাতাসে শীতের অনুভূতি বেশি হয়। এ কারণে অনেকেই রাতে কাঁথা ও চাদর গায়ে জড়িয়ে ঘুমাচ্ছেন।

এদিকে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সর্দি-কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ বিভিন্ন মৌসুমি অসুস্থতায় আক্রান্ত হয়ে শিশু ও বয়স্কদের অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতাঞ্চলের কাছাকাছি অবস্থানের কারণে উত্তরের হিমেল বাতাস ও হালকা কুয়াশার প্রভাবে তেঁতুলিয়ার তাপমাত্রা কমতে শুরু করেছে। বৃহস্পতিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। ফলে ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়ছে।