শীতে বাড়ে নিউমোনিয়ার প্রকোপ, সচেতনতায় মিলবে সুরক্ষা
স্বাস্থ্য ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
শীতের মৌসুমে শিশু ও বয়স্কদের মধ্যে নিউমোনিয়ার ঝুঁকি বেড়ে যায়। ফুসফুসের প্রদাহজনিত এ রোগে আক্রান্ত হলে শ্বাস নেওয়ার স্বাভাবিক ক্ষমতা কমে যেতে পারে। রোগটি সম্পর্কে সচেতনতা বাড়াতে আজ ১২ নভেম্বর পালিত হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস।
এবার দিবসটির প্রতিপাদ্য ‘নিউমোনিয়া নিয়ন্ত্রণের একটি নতুন যুগ’। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে।
নিউমোনিয়া ফুসফুসের প্রদাহজনিত একটি ভয়ংকর রোগ। বিশেষ করে শীতের সময় শিশু ও বয়স্কদের মধ্যে এ রোগের প্রকোপ বেশি দেখা যায়। চিকিৎসকদের মতে, অপুষ্টি, বায়ুদূষণ, টিকা না নেওয়া ও অ্যান্টিবায়োটিকের অভাবে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে থাকে। তবে শুধু শিশুরাই নয়, অল্প বয়স্ক, স্বাস্থ্যবান ও তরুণদেরও এ রোগ হতে পারে।
সাধারণত ফুসফুসে স্ট্রেপটোকক্কাস জাতীয় ব্যাকটেরিয়া কিংবা শ্বাসযন্ত্রের সিনসিশিয়াল ভাইরাস (আরএসভি) সংক্রমণ ঘটালে ফুসফুস ফুলে ওঠে এবং পুঁজ বা তরল পদার্থে ভরে যায়। এতে ফুসফুসের অক্সিজেন গ্রহণ ও শ্বাস নেওয়ার ক্ষমতা কমে যায়। ফলে ফুসফুসে প্রদাহ সৃষ্টি হয়।
নিউমোনিয়া প্রতিরোধে নিয়মিত পরিষ্কারভাবে হাত ধোয়া, নিজের প্রতি যত্ন নেওয়া এবং সুষম খাবার খাওয়া জরুরি। পাশাপাশি ধূমপান থেকে বিরত থাকতে হবে। অন্যের সামনে হাঁচি-কাশি দেওয়া এড়িয়ে চলতে হবে। হাঁচি বা কাশির সময় মুখ হাত দিয়ে ঢাকতে হবে অথবা রুমাল ব্যবহার করতে হবে। সর্বোপরি, নিউমোনিয়া প্রতিরোধে প্রয়োজনীয় টিকা গ্রহণ করতে হবে।
