নজরুল ইনস্টিটিউটের নতুন নির্বাহী পরিচালক শাওয়াল খানম
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:০৭ পিএম, ১৩ নভেম্বর ২০২৬ শুক্রবার
শাওয়াল খানম
কবি নজরুল ইনস্টিটিউটের নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন লেখক ও গবেষক শাওয়াল খানম। সাহিত্য ও কর্মক্ষেত্রে তিনি ‘শাওয়াল খান’ নামে পরিচিত। আগামী এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী। ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার তাঁকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছিল। গত সেপ্টেম্বরে তাঁর মেয়াদ শেষ হলে ওই পদে নতুন দায়িত্ব পেলেন শাওয়াল খানম।
শাওয়াল খানম এর আগে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ৩ নভেম্বর থেকে চলতি বছরের ২ নভেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন।
কক্সবাজারের মহেশখালীতে জন্ম নেওয়া শাওয়াল খানম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ১৯৮৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সরকারি প্রজ্ঞাপন ও শিক্ষাগত সনদে তাঁর নাম ‘শাওয়াল খানম’ হিসেবে উল্লেখ থাকলেও সাহিত্য ও কর্মক্ষেত্রে তিনি ‘শাওয়াল খান’ নামেই পরিচিত।
লেখালেখি, গবেষণা ও সম্পাদনার সঙ্গে যুক্ত শাওয়াল খানের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে বাংলা একাডেমি থেকে প্রকাশিত দুই খণ্ডের ‘শিক্ষা যোগাযোগ ও উন্নয়ন’ (২০২৬), ‘শিক্ষাজগৎ’ (২০০৯ ও ২০২৫) এবং গল্পগ্রন্থ ‘অক্টোপাস’ (১৯৯৬)।
শিশু-কিশোরদের জন্যও লিখেছেন তিনি। তাঁর শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে ‘বর্ণেরছড়া ও বর্ণপরিচয়’ (২০২২) এবং ‘ট্রু ফ্রেন্ডস অব চিলড্রেন: ইংলিশ অ্যালফাবেটিক্যাল রাইমস’ (২০২২)। এ ছাড়া তাঁর সম্পাদিত ও সহলেখক হিসেবে প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ‘শিক্ষাই আমার প্রথম চাওয়া’, ‘দুর্যোগ মোকাবেলায় আমরা’ (সিরিজ ১-৪) এবং অনুবাদগ্রন্থ ‘হেলেন কেলারের শিক্ষক’।
কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্ম নিয়ে গবেষণা, সংরক্ষণ, প্রচার এবং নজরুলচর্চার প্রসারে কাজ করে কবি নজরুল ইনস্টিটিউট। নতুন নির্বাহী পরিচালক হিসেবে শাওয়াল খানমের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রমে তাঁর সাহিত্য, গবেষণা ও সাংগঠনিক অভিজ্ঞতা যুক্ত হতে যাচ্ছে।
