ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ২২:৪৯:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রোকেয়া পদক-২০১৮ পেলেন যারা  

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৩ পিএম, ৯ ডিসেম্বর ২০১৮ রবিবার

এ বছর রোকেয়া পদক পেলেন পাঁচ নারী। আজ রোববার সকালে বেগম রোকেয়া দিবস-২০১৮ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তাদের হাতে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

 

বেগম রোকেয়া পুরস্কারপ্রাপ্তরা পেলেন- সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী জিন্নাতুনন্নেসা তালুকদার, প্রফেসর জোগরা আনিস, শীলা রায়, রমা চৌধুরী (মরনোত্তর) ও রোকেয়া বেগম। নারীর ক্ষমতায়নে বিভিন্নভাবে অবদান রাখায় তারা এ পদক পান বলে জানা গেছে। পদকপ্রাপ্তদের প্রত্যেককে সার্টিফিকেট ও দুই লাখ করে টাকা দেওয়া হয়েছে।

 

অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, রোকেয়ার আদর্শে উজ্জীবিত হয়ে নিজেদের উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার মাধ্যমে এদেশের নারীসমাজ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।

 

তিনি বলেন, সন্তানের পরিচয়ে মায়ের নাম আমরাই প্রথম অন্তর্ভুক্ত করেছি। মা জন্ম দেন। মা-ই বোঝেন সন্তান জন্ম দেওয়ার কষ্ট। নারীরা অনেক কষ্টসহিষ্ণু। 

 

প্রধানমন্ত্রী বলেন, পুরুষদের গড় আয়ু বর্তমানে ৭১, নারীর ৭৩, গড় ৭২। এ থেকেও স্পষ্ট হয় নারী বেশি কষ্টসহিষ্ণু।

 

শেখ হাসিনা বলেন, মেয়েদের সব ক্ষেত্রে সুযোগ দিতে হবে। তারা যেন আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে। তাহলে পরিবারেও তাদের গুরুত্ব বাড়বে। মেয়েদেরও নিজের অধিকার আদায় করতে নিতে হবে। 

 

তিনি বলেন, নারী নেতৃত্বকে এগিয়ে নিয়েছে আমাদের উপমহাদেশের নারীরাই। আমরাই প্রথম প্রশাসনের সর্বোচ্চ পর্যায়েও নারীদের অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছি।

 

পদকপ্রাপ্ত জিন্নাতুনন্নেসা তালুকদার নিজের অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন। তিনি এ পদককে বাংলাদেশের নারী সমাজকে উৎসর্গ করেন।

 

বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর এই দিন সারাদেশে সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়।