ঢাকা, মঙ্গলবার ১৭, নভেম্বর ২০২৬ ৬:০০:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪২ এএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারা দেশে ৫১১ জন উদ্যোক্তার মধ্যে ১৪ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকার ঋণ বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।


সোমবার (১৬ নভেম্বর) বিসিক ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।


বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ঋণ বিতরণ কার্যক্রমে বিশেষ অতিথি থাকবেন শিল্পসচিব আব্দুন নাসের খান।


ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা—এই চারটি আঞ্চলিক কার্যালয়ের আওতায় ঋণ বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। এ ঋণ কার্যক্রমের মাধ্যমে নতুন ও বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানে ২ হাজার ৪৪৮ জনের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে বলে বাসসকে জানিয়েছেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ।


বিসিক সূত্রে জানা গেছে, ৫১১ উদ্যোক্তার মধ্যে ২৩৫ জন বিদ্যমান উদ্যোক্তাকে ৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা এবং ২৭৬ জন নতুন উদ্যোক্তাকে ৬ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা দেওয়া হবে। এ ঋণ সুবিধার আওতায় আসছেন ২৩২ জন নারী ও ২৭৯ জন পুরুষ উদ্যোক্তা। নারী উদ্যোক্তাদের জন্য ৬ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকা এবং পুরুষ উদ্যোক্তাদের জন্য ৭ কোটি ৬৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।


আঞ্চলিক কার্যালয়ভিত্তিক ঋণ বিতরণের পরিকল্পনায় ঢাকায় ১৮১ জন উদ্যোক্তাকে ৪ কোটি ৭৯ লাখ টাকা, চট্টগ্রামে ৮৯ জনকে ২ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকা, রাজশাহীতে ১১৮ জনকে ৩ কোটি ৩৫ লাখ টাকা এবং খুলনায় ১২৩ জনকে ৩ কোটি ৭৩ লাখ টাকা দেওয়া হবে।


খাদ্য ও খাদ্যজাত, বস্ত্র ও বস্ত্রজাত, হালকা প্রকৌশল, কৃষি ও কৃষিজাত, বন ও বনজাত, চামড়া ও চামড়াজাত, পাট ও পাটজাত, প্লাস্টিক, ইলেক্ট্রনিক্স ও সেবাসহ মোট ১৪টি শিল্প খাতে এ ঋণ বিতরণ করা হবে। এর মধ্যে খাদ্য ও খাদ্যজাত শিল্পের ২২০ জন এবং বস্ত্র ও বস্ত্রজাত শিল্পের ১২২ জন উদ্যোক্তা ঋণ সুবিধা পাবেন।


বিসিক বর্তমানে নিজস্ব তহবিলের ঋণ কর্মসূচি, ১০০ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঋণ কর্মসূচি এবং আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌচাষ উন্নয়ন ঋণ কর্মসূচিসহ তিনটি ঋণ কর্মসূচি পরিচালনা করছে।


আগামী পাঁচ বছরে এসব কর্মসূচির মাধ্যমে ৩৫০ কোটি টাকা ঋণ বিতরণ এবং প্রায় ২০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে বিসিকের।


এ ছাড়া শিল্পনগরীর ভেতরে ও বাইরের উদ্যোক্তাদের জন্য ৫ হাজার কোটি টাকার ঋণ তহবিল গঠন, রুগ্ন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু এবং হালকা প্রকৌশল শিল্পের উন্নয়নে বিশেষ ঋণ তহবিল গঠনের পরিকল্পনাও রয়েছে।


বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সম্প্রসারণের পাশাপাশি দেশের সিএমএসএমই খাত আরও গতিশীল হবে। টেকসই শিল্পায়ন ও জাতীয় অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে এ কর্মসূচি।