র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৪৫ এএম, ১৭ নভেম্বর ২০২৬ মঙ্গলবার
সংগৃহীত ছবি
এশিয়ার মর্যাদাপূর্ণ ‘র্যামন ম্যাগসাইসাই’ পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান। এ সম্মাননা অর্জনের মধ্য দিয়ে ১৪তম বাংলাদেশি হিসেবে পুরস্কারটির তালিকায় যুক্ত হলেন তিনি।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার ঐতিহাসিক মেট্রোপলিটন থিয়েটারে আয়োজিত এক অনুষ্ঠানে রুনা খানের হাতে ৬৮তম র্যামন ম্যাগসাইসাই পুরস্কার তুলে দেওয়া হয়। ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র্যামন ম্যাগসাইসাইয়ের নাতি ফ্রান্সিসকো ম্যাগসাইসাই আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কারটি তুলে দেন।
মূল অনুষ্ঠান শুরুর আগে গত ১১ নভেম্বর আয়োজিত এক পাবলিক লেকচারে নিজের কর্মজীবন, সংগ্রাম ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রুনা খান।
সাহস, সততা, জনসেবা এবং এশিয়ার মানব উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৫৮ সালে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র্যামন ম্যাগসাইসাইয়ের স্মরণে এ পুরস্কার চালু করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এশিয়ার ২৪টি দেশ ও অঞ্চলের ৩৫৯ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান এ সম্মাননা পেয়েছেন।
পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় রুনা খান বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে তিনি এ সম্মাননা গ্রহণ করছেন। প্রান্তিক মানুষের পক্ষ থেকে তিনি পুরস্কারটি গ্রহণ করেছেন, যারা তাদের পাশে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন।
তিনি বলেন, মৌলিক সুযোগ-সুবিধা কেবল ব্যক্তিগত ভোগের বিষয় নয়, বরং অন্যের পাশে দাঁড়ানোর দায়িত্ব ও সুযোগ। এমন বিশ্বাস থেকেই প্রত্যেক মানুষের আশা, সুযোগ ও মর্যাদা নিয়ে বেঁচে থাকার উপযোগী সমাজ গড়ার স্বপ্ন দেখেন তারা।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে র্যামন ম্যাগসাইসাই ফাউন্ডেশনের চেয়ারম্যান এডগার ও. চুয়া বলেন, রুনা খানের মতো ব্যক্তিরা ইতিহাস বদলানোর লক্ষ্য নিয়ে কাজ শুরু করেননি। বরং চারপাশের সমস্যা ও অন্যায় উপলব্ধি করে সেসব থেকে মুখ ফিরিয়ে থাকতে পারেননি বলেই তারা পরিবর্তনের পথে এগিয়েছেন।
যেভাবে শুরু ফ্রেন্ডশিপের পথচলা
১৯৯৭ সালে যমুনা ও ব্রহ্মপুত্র নদের দুর্গম চরাঞ্চলে নদীভাঙন, বন্যা ও বাস্তুচ্যুতির শিকার মানুষের জীবনসংগ্রাম কাছ থেকে দেখার মধ্য দিয়ে রুনা খানের মানবিক কার্যক্রমের সূচনা হয়।
সে সময় এসব অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মৌলিক অধিকারের ঘাটতি ছিল ব্যাপক। প্রান্তিক মানুষের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ২০০২ সালে তিনি প্রতিষ্ঠা করেন ফ্রেন্ডশিপ।
প্রথম দিকে ভাসমান হাসপাতালের মাধ্যমে দুর্গম চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কাজ শুরু করে সংস্থাটি। দুই দশকের বেশি সময়ে প্রতিষ্ঠানটি সমন্বিত উন্নয়ন সংস্থায় পরিণত হয়েছে। বর্তমানে স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু অভিযোজন, টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কাজ করছে ফ্রেন্ডশিপ।
সংস্থাটির বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবছর প্রায় ৭৫ লাখ মানুষ সেবা ও সহায়তা পাচ্ছেন।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অর্জন
জলবায়ু পরিবর্তন ও ভৌগোলিক প্রতিবন্ধকতা মোকাবিলায় ফ্রেন্ডশিপের উদ্ভাবিত ‘ইন্টিগ্রেটেড ক্লাইমেট অ্যাডাপটেশন সলিউশন’ (আইকাস) মডেল আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে (এসডিজি) সামনে রেখে প্রকৃতিনির্ভর ও দীর্ঘমেয়াদি উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন করছে সংস্থাটি।
এরই ধারাবাহিকতায় ২০২৫ সালে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উদ্ভাবনী অবদানের স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ ‘আর্থশট’ পুরস্কার অর্জন করে ফ্রেন্ডশিপ। এ পুরস্কার অর্জনকারী প্রথম ও একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গৌরব বয়ে আনে সংস্থাটি।
