প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘আকভান’, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:২৪ এএম, ১৮ নভেম্বর ২০২৬ বুধবার
সংগৃহীত ছবি
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে দেশের তিন বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিভাগীয় পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়েছে। এটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি ২০ নভেম্বর দুপুর নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। এ সময় এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।
ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ ভারতের উপকূলের দিকে হলেও এর প্রভাবে বাংলাদেশেও বৃষ্টিপাত বাড়তে পারে। বিশেষ করে ২০ ও ২১ নভেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।
এদিকে বৃষ্টির প্রবণতা কমে যাওয়ার পর নভেম্বরের শেষ দিকে দেশের তাপমাত্রা কমতে পারে। ফলে বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে।
