ঢাকা, বুধবার ১৮, নভেম্বর ২০২৬ ৯:১৯:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাংলাদেশ সফরে পর্তুগালের রাজকন্যা, উদ্বোধন করবেন সিলেট চা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৭ এএম, ১৮ নভেম্বর ২০২৬ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পর্তুগালের ঐতিহাসিক রাজপরিবারের সদস্য ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা, ডাচেস অব কোইমব্রা ৯ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। ১৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তার এ সফরে রাজকীয় ঐতিহ্য, শ্রমিকদের ন্যায্য মজুরি এবং বাংলাদেশের চা শিল্প গুরুত্ব পাবে।

হাউস অব ব্রাগানজার সদস্য মারিয়া ফ্রান্সিসকা পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন দেশে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত। বাংলাদেশ সফরেও তিনি বেশ কয়েকটি সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মসূচিতে অংশ নেবেন।

সফরের অন্যতম আকর্ষণ লন্ডন টি এক্সচেঞ্জের নতুন চা সংগ্রহ ‘সিলেট টি’র আনুষ্ঠানিক উদ্বোধন। বুধবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন পর্তুগালের রাজকন্যা। সিলেটের বাছাই করা উন্নতমানের চা নিয়ে সাজানো হয়েছে এ সংগ্রহ। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে সিলেটের চায়ের যাত্রা শুরু হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে আন্তর্জাতিক চা দিবসে সিলেট টি সংগ্রহের ‘ব্রাগানজা ব্লেন্ড’ পর্তুগালের রাজপরিবারের আনুষ্ঠানিক চা হিসেবে উপস্থাপন করা হয়। বাংলাদেশে নতুন এ চা সংগ্রহের উদ্বোধনের মধ্য দিয়ে সিলেটের চায়ের ঐতিহ্য ও আন্তর্জাতিক সম্ভাবনা তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

মারিয়া ফ্রান্সিসকার এ সফরের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য গ্লোবাল ফেয়ার পে চার্টারের প্রতি সমর্থন জানানো। লন্ডন টি এক্সচেঞ্জের গ্রুপ চেয়ারম্যান স্যার শেখ আলিউর রহমান ওবিই প্রতিষ্ঠিত এ আন্তর্জাতিক উদ্যোগের লক্ষ্য বিশ্বের শ্রমিকদের ন্যায্য ও মর্যাদাপূর্ণ মজুরি নিশ্চিত করা।

উদ্যোগটি জাতিসংঘ, কমনওয়েলথ, সি৪০সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সমর্থন পেয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

রাজকন্যার সঙ্গে পর্তুগাল, চীন ও পাকিস্তানের প্রতিনিধিসহ ফেয়ার পের কয়েকজন গ্লোবাল অ্যাম্বাসেডরও বাংলাদেশ সফর করছেন। তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে শ্রমিকদের ন্যায্য মজুরি, সামাজিক দায়বদ্ধতা ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে।