রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:০২ পিএম, ১৮ নভেম্বর ২০২৬ বুধবার
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা।
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। আরও একটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেছেন।
তালহা বিন জসিম জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বর্তমানে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে ৩টি, বারিধারা ফায়ার স্টেশন থেকে ২টি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে ২টিসহ মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া আগুন নেভানোর কাজে সহায়তার জন্য আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
