ঢাকা, বৃহস্পতিবার ১৯, নভেম্বর ২০২৬ ০:৫৩:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বোনদের ডাকে মিলল না সাড়া, দরজা ভেঙে মিলল নিথর দেহ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৩ পিএম, ১৮ নভেম্বর ২০২৬ বুধবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজধানীর ডেমরায় একটি বাসা থেকে ইভা আক্তার ফারজানা (১৩) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ডেমরা থানার পশ্চিমপাড়া এলাকার একটি বাসা থেকে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

ইভা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিজিপারোয়া এলাকার ইন্তাজ আলীর মেয়ে। পরিবারের সঙ্গে ডেমরার ওই বাসায় ভাড়া থাকত সে। স্থানীয় মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল ইভা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা প্রতিবেশী মো. সাদেক জানান, তিন বোনের মধ্যে ইভা ছিল সবার ছোট। তার বাবা অটোরিকশা চালান এবং মা একটি খাবারের হোটেলে কাজ করেন। ঘটনার সময় বাসায় পরিবারের অন্য কেউ ছিলেন না।

সন্ধ্যায় ইভার দুই বড় বোন বাসায় ফিরে দেখেন, দরজা ভেতর থেকে বন্ধ। অনেকক্ষণ ডাকাডাকি করেও ইভার কোনো সাড়া না পেয়ে তারা প্রতিবেশীদের বিষয়টি জানান। পরে প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশকে।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে রাত ৮টা ২০ মিনিটের দিকে ইভাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা শেষে রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।