মাকে হত্যার পর ট্রাঙ্কে মরদেহ, ছেলেসহ গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ১৮ নভেম্বর ২০২৬ বুধবার
ছবি: সংগ্রহিত।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাকে হত্যার পর মরদেহ ট্রাঙ্কে লুকিয়ে রেখে নিখোঁজের নাটক সাজানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ছেলে আশরাফ আলী (২১), তার বন্ধু রাহিম ও এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (১৮ নভেম্বর) উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার রামকান্তপুর গ্রামের একটি বাড়ি থেকে মতিফুল নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মতিফুল ওই গ্রামের সরোয়ার হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফ পেশায় রাজমিস্ত্রি। কয়েক বছর ধরে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। মাদক কেনার টাকার জন্য প্রায়ই মা-বাবার কাছে টাকা চাইতেন। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার বিরোধ হতো। মাকে নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ বলছে, গত সোমবার বাড়িতে মতিফুল ছাড়া পরিবারের অন্য কেউ ছিলেন না। এ সময় আশরাফ মায়ের গলার সোনার হার ও কানের দুল নিজের কাছে চেয়ে চাপ দেন। মা গয়না দিতে রাজি না হওয়ায় আশরাফ তার বন্ধু রাহিমকে নিয়ে মাকে হত্যার পরিকল্পনা করেন। অভিযোগ রয়েছে, তারা দুজন মিলে মতিফুলের গলায় ওড়না পেঁচিয়ে ও মুখ চেপে ধরে তাঁকে হত্যা করেন।
পরে একটি বস্তায় ভরে মরদেহ বাড়ির বড় একটি ট্রাঙ্কের মধ্যে লুকিয়ে রাখা হয়। এরপর মায়ের গলা থেকে প্রায় এক ভরি স্বর্ণালংকার খুলে নিয়ে পাশের মৈত্র বড়হর গ্রামের স্বর্ণ ব্যবসায়ী জলিল ফকিরের কাছে ৬৯ হাজার টাকায় বিক্রি করেন তারা।
ঘটনার পর মঙ্গলবার রাতে আশরাফ ও তার বন্ধু রাহিম মায়ের নিখোঁজ হওয়ার বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে উল্লাপাড়া মডেল থানায় যান। তবে জিডি করার বিষয়ে তাদের কথাবার্তা ও আচরণে পুলিশের সন্দেহ হয়। পরে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে বাড়ির ভেতর থেকে পচা গন্ধ বের হওয়ায় আশপাশের লোকজনেরও সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাঙ্কের ভেতর থেকে মতিফুলের মরদেহ উদ্ধার করে। গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে স্বর্ণ ব্যবসায়ী জলিল ফকিরকেও আটক করা হয়।
ওসি মেহেদী হাসান জানান, আজ বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত আছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
