ঢাকা, বৃহস্পতিবার ১৯, নভেম্বর ২০২৬ ০:৫৩:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মিরপুরে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে আহত, আটক সহকর্মী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৩ পিএম, ১৮ নভেম্বর ২০২৬ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শ্রমিক অসন্তোষের মধ্যে রাজধানীর মিরপুরে ‘ব্যক্তিগত দ্বন্দ্বের’ জেরে একটি পোশাক কারখানার এক নারী শ্রমিককে কুপিয়ে আহত করার তথ্য দিয়েছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার দুপুর ২টার পর রূপনগর এলাকায় নূপুর নামের এই নারীর ওপর হামলার ঘটনা ঘটে। তিনি মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান শফিকুল ইসলাম বলেন, ‘‘রাইজিং গ্রুপের একটি কারখানায় নূপুর কাজ করেন। তার সঙ্গে একই কারখানায় রায়হান নামের ওই হামলাকারীও কাজ করতেন।’’

এদিন নারী শ্রমিকদের ‘লাঞ্ছিত’ করার অভিযোগকে কেন্দ্র করে কাফরুল এলাকায় লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার সামনে পোশাকশ্রমিক ও স্থানীয় বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পুলিশ বলেছে, কারখানা দুটিতে প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কাজ করেন। সকালে এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। পরে ওই কারখানাগুলোর শ্রমিকদের বের করে নিয়ে আসেন তারা।

এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট নিক্ষেপের ঘটনা ঘটে।

মিরপুর-১২ নম্বর এলাকাতেও পোশাকশ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেয়।

এ ঘটনার সময় মিরপুরের রূপনগর এলাকায় ওই নারী শ্রমিক আক্রান্ত হন।

ঘটনার সময়কার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বেলা ১২টা ৫৬ মিনিটের দিকে একটি গলির ভেতর রাস্তার পাশে শিশুরা বসে খেলছিল এবং স্বাভাবিকভাবে পথচারী ও ভ্যানগাড়ি চলাচল করছিল। হঠাৎ করেই এক ব্যক্তি হাতে ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে এক নারীর ওপর চড়াও হন।

ওই নারী মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারী তাকে আঘাত করতে থাকেন। এ সময় আশপাশের লোকজনকে দ্রুত দূরে সরে যেতে দেখা যায়। পরে ওই ব্যক্তি অস্ত্র হাতে ঘটনাস্থল ত্যাগ করেন।

হামলাকারী রায়হানকে আটক ও নূপুরের ওপর হামলার বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, “তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। সেই প্রেমঘটিত বিষয় নিয়ে বিচ্ছেদ বা কোন সমস্যা থেকে রায়হান নুপুরের ওপর হামলা চালায়। রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। নুপুর চিকিৎসাধীন আছে।

“প্রাথমিকভাবে আমরা মনে করছি এটা প্রেম-ভালোবাসার ঘটনা, এটা নিয়ে গুজব ছড়ানোর কিছু নেই।”