ঢাকা, বৃহস্পতিবার ১৯, নভেম্বর ২০২৬ ১২:০৭:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, ১৪ মাসে সর্বনিম্ন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫২ এএম, ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) কঠোর মুদ্রানীতির ইঙ্গিতে মার্কিন ডলার ও ট্রেজারি ইল্ডের মান বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। বুধবার (১৮ নভেম্বর ) স্বর্ণের দর ২ শতাংশেরও বেশি কমে গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আজ মার্কিন স্থানীয় সময় দুপুর ২টা ৫৫ মিনিটে স্পট গোল্ডের দাম ২ দশমিক ১৯ শতাংশ কমে প্রতি আউন্স তিন হাজার ৭৬৫ দশমিক ৪২ ডলারে দাঁড়িয়েছে। এর আগে দিনের শুরুতে স্বর্ণের দাম প্রতি আউন্স তিন হাজার ৭৪২ ডলারে নেমে গিয়েছিল, যা ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।

জায় ক্যাপিটাল মার্কেটসের প্রধান বিনিয়োগ কর্মকর্তা (সিআইও) নাঈম আসলাম বলেন, শক্তিশালী মার্কিন ডলার, ট্রেজারি ইল্ড বৃদ্ধি ও ভবিষ্যতে আরও কঠোর মুদ্রানীতির প্রত্যাশার কারণে স্বর্ণ বিক্রির চাপ বেড়েছে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বিনিয়োগকারীরা ডিসেম্বরে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ার ৯৫ শতাংশ এবং ৫০ বেসিস পয়েন্ট বাড়ার ৫ শতাংশ সম্ভাবনা দেখছেন। সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদ ধরে রাখার আগ্রহ কমে যায়। এখন বিনিয়োগকারীরা ফেডের গত ২৭-২৮ অক্টোবরের বৈঠকের কার্যবিবরণীর (মিনিটস) অপেক্ষায় রয়েছেন।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও বড় দরপতন হয়েছে।


স্পট সিলভারের (রুপা) দাম ৪ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪৫ দশমিক ২৬ ডলারে নেমেছে, যা ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। এছাড়া প্লাটিনামের দাম ৪ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৩৬৭ দশমিক ৩০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ২ শতাংশ কমে ৯৫০ ডলারে দাঁড়িয়েছে।