কক্সবাজারে ট্রেনের ধাক্কায় মা-শিশুসহ ৪জনের প্রাণহানী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ২০ নভেম্বর ২০২৬ শুক্রবার
সংগৃহীত ছবি
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী মা ও শিশু কন্যাসহ চারজন নিহত হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাইম্যার ঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (৩০), তার বোন কাসফিয়া (২০), কাসফিয়ার ১৮ মাস বয়সি শিশুকন্যা এবং রুবেলের শিশুকন্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে দক্ষিণ মিঠাছড়ি থেকে রাজারকুলের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। কাসফিয়া ঘটনাস্থলেই মারা যান। অন্য তিনজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাস্থলের রেলক্রসিংটি অরক্ষিত। সেখানে কোনো গেট বা গেটম্যান নেই। পাশাপাশি সড়কের দুই পাশে বড় বড় গাছ থাকায় ট্রেন আসার বিষয়টি সহজে দেখতে পান না চালকরা।
