যশোরে ২২ লাখ খেজুর গাছে সমৃদ্ধির স্বপ্ন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:০৪ এএম, ২১ নভেম্বর ২০২৬ শনিবার
সংগৃহীত ছবি
যশোরে খেজুরের রস ও গুড় উৎপাদনকে ঘিরে তৈরি হয়েছে নতুন অর্থনৈতিক সম্ভাবনা। বর্তমানে জেলায় রয়েছে ২২ লাখ ৫৯ হাজারের বেশি খেজুর গাছ। এর মধ্যে ১২ লাখেরও বেশি গাছের বয়স ৫ থেকে ১০ বছর। এসব গাছ আগামী কয়েক বছরে পূর্ণ উৎপাদনক্ষম হয়ে ওঠলে রস ও গুড় উৎপাদন কয়েক গুণ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে খেজুরের গুড়ের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি পাওয়ায় দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এ পণ্যের পরিচিতি বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
শীতের আগমনী বার্তার সঙ্গে যশোরের গ্রামীণ জনপদে শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি। কার্তিক মাসের মাঝামাঝি থেকেই গাছিরা খেজুর গাছের ডালপালা ছাঁটাই, গাছের ওপরের অংশ রস সংগ্রহের উপযোগী করা এবং প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুতের কাজ শুরু করেছেন। শীতের তীব্রতা বাড়লে পুরোদমে শুরু হবে রস সংগ্রহ। সেই রস থেকে তৈরি হবে ঐতিহ্যবাহী গুড় ও পাটালি।
প্রাচীনকাল থেকেই খেজুরের গুড়ের জন্য বিখ্যাত যশোর অঞ্চল। এ অঞ্চলে খেজুর গাছের আধিক্য কখন থেকে শুরু হয়েছে, তার সুনির্দিষ্ট ইতিহাস পাওয়া যায়নি। তবে খেজুর গাছের প্রাচুর্যের কারণে ১৭৯২ সালের দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যশোর অঞ্চল থেকে খেজুরের গুড় ও চিনি সংগ্রহ করে কলকাতা বন্দরের মাধ্যমে ইউরোপে রপ্তানি শুরু করে। এর প্রায় ৩৮ বছর পর যশোরের চৌগাছা, তাহেরপুর, ঝিনাইদহের কোটচাঁদপুরসহ কয়েকটি স্থানে ইউরোপীয় প্রযুক্তিতে খেজুরের রস থেকে গুড় ও চিনি তৈরির কারখানা গড়ে ওঠে। ১৯০৮ সাল পর্যন্ত এ অঞ্চলে এভাবে বিপুল পরিমাণ খেজুরের গুড় ও চিনি উৎপাদনের ইতিহাস পাওয়া গেছে।
সরকারি-বেসরকারি উদ্যোগে নতুন খেজুর গাছ রোপণ, বিদ্যমান গাছের পরিচর্যা এবং গাছিদের প্রশিক্ষণের কার্যক্রম চলছে। এর মধ্যে ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি যশোরের খেজুরের গুড় জিআই পণ্যের স্বীকৃতি পায়। এ স্বীকৃতি পণ্যটির স্বতন্ত্র পরিচিতি ও বাজার সম্প্রসারণের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে।
আরও পড়ুন
যশোরে সবজি থেকে বছরে আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, যশোর জেলায় বর্তমানে ২২ লাখ ৫৯ হাজার ৭১১টি খেজুর গাছ রয়েছে। এর মধ্যে পূর্ণবয়স্ক গাছ ৩ লাখ ৪২ হাজার ৬২৬টি। পূর্ণবয়স্ক এসব গাছের মধ্যে ৩ লাখ ২৯ হাজারটি থেকে রস সংগ্রহ করা হয়। এ ছাড়া ৫ থেকে ১০ বছর বয়সী গাছ রয়েছে ১২ লাখ ১৩ হাজার ৭১৩টি এবং ৫ বছরের কম বয়সী গাছ ৭ লাখ ৪৫ হাজার ৭১৪টি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, যশোর সদর উপজেলায় প্রায় ৬০ হাজার গাছ থেকে রস সংগ্রহ করে ৫২১ মেট্রিক টন গুড় উৎপাদিত হয়, যার বাজারমূল্য প্রায় ২০ কোটি ৮৪ লাখ টাকা। শার্শা উপজেলায় ৩৫ হাজার ৭১১টি গাছ থেকে ৩৫৮ মেট্রিক টন গুড় উৎপাদিত হয়। এর বাজারমূল্য প্রায় ১৩ কোটি ৯৬ লাখ টাকা। ঝিকরগাছা উপজেলায় ২১ হাজার ৬৪৭টি গাছ থেকে ২২৭ মেট্রিক টন গুড় উৎপাদিত হয়, যার বাজারমূল্য প্রায় ১০ কোটি ৮ লাখ টাকা।
চৌগাছা উপজেলায় ২৭ হাজার ২৬০টি গাছ থেকে ২৬০ মেট্রিক টন গুড় উৎপাদিত হয়, যার মূল্য প্রায় ১০ কোটি ৪ লাখ টাকা। অভয়নগরে ২৮ হাজার ৮৩৮টি গাছ থেকে ৩১৭ মেট্রিক টন গুড় উৎপাদিত হয়, যার বাজারমূল্য প্রায় ১২ কোটি ৬৬ লাখ টাকা। বাঘারপাড়া উপজেলায় ৫৫ হাজার ৫২০টি গাছ থেকে ৬১১ মেট্রিক টন গুড় উৎপাদিত হয়। এর বাজারমূল্য প্রায় ২০ কোটি ২১ লাখ টাকা।
এ ছাড়া মণিরামপুর উপজেলায় ৬৪ হাজার ৫২৫টি গাছ থেকে ৫৮২ মেট্রিক টন গুড় উৎপাদিত হয়, যার বাজারমূল্য প্রায় ২১ কোটি ৫৩ লাখ টাকা। কেশবপুর উপজেলায় ২৩ হাজার ৪শ’টি গাছ থেকে ২৩৪ মেট্রিক টন গুড় উৎপাদিত হয়। এর বাজারমূল্য প্রায় ৮ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা।
খেজুরের রস ও গুড় উৎপাদন যশোরের গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ পেশার সঙ্গে যুক্ত ৬ হাজারেরও বেশি গাছির মধ্যে অনেকের পরিবারের জীবিকার অন্যতম উৎস এ মৌসুমি উৎপাদন কার্যক্রম।
যশোর সদর উপজেলার আরবপুর এলাকার আতিয়ার রহমান প্রায় ৬শ’টি খেজুর গাছ লিজ নিয়ে রস সংগ্রহ করেন। এরপর তা দিয়ে গুড়-পাটালি তৈরি করে বাজারে বিক্রি করেন।
তিনি জানান, বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতেই এখনও এ কাজ করছেন। তবে উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে গুড়-পাটালির ভালো দাম নিশ্চিত করা গেলে গাছিরা এ কাজে আরও আগ্রহী হবেন বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন।
খেজুর গাছের উৎপাদন ক্ষমতা বাড়ানো ও গাছিদের দক্ষতা উন্নয়নে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যশোরের অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) সুলতানা আফরোজ বলেন, জেলায় খেজুর গাছের সংখ্যা বাড়াতে বসতবাড়ি, পতিত জমি ও রাস্তার পাশে খেজুর গাছ রোপণের জন্য সবাইকে পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি বিদ্যমান গাছের পরিচর্যা ও উন্নত পদ্ধতিতে রস সংগ্রহের বিষয়ে গাছিদের নিয়মিত প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।
জিআই স্বীকৃতিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে যশোরের খেজুরের গুড়ের পরিচিতি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেন, যশোর অঞ্চলের খেজুরের গুড় উৎপাদনের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান খোঁজ খবর রাখছেন। এ পণ্য বিদেশে রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে সরকার কার্যকর ভূমিকা নেবে।
জেলা প্রশাসক জানান, ইতোমধ্যে একজন উদ্যোক্তা খেজুরের রস থেকে সিরাপ তৈরি করে চলতি মৌসুমেই বিদেশে রপ্তানির উদ্যোগ নিয়েছেন। এ ছাড়া গাছিদের উৎসাহিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে খেজুর গাছের চারা, প্রশিক্ষণ, গাছ কাটার দা ও রস সংগ্রহের পাত্র বিতরণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন গাছের উৎপাদনক্ষম হয়ে ওঠা, গাছিদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক পদ্ধতিতে রস সংগ্রহ এবং গুড়ের বহুমুখী ব্যবহার নিশ্চিত করা গেলে যশোরের খেজুরের রস ও গুড়ের অর্থনীতি আরও বিস্তৃত হবে। জিআই স্বীকৃতির সুবাদে আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ কাজে লাগাতে পারলে ঐতিহ্যবাহী এ পণ্য দেশের কৃষিভিত্তিক রপ্তানি বাণিজ্যেও নতুন অবদান রাখতে পারে। সূত্র: বাসস
