রাজধানীতে গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৪৭ পিএম, ২১ নভেম্বর ২০২৬ শনিবার
সংগৃহীত ছবি
রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ দেড় বছর বয়সী শিশু আর এস রহমানের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুই জনে দাঁড়াল।
শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার।
তিনি জানান, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হন। তাদের মধ্যে শিশু আর এস রহমানের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।
