ঢাকা, সোমবার ২৩, নভেম্বর ২০২৬ ২:৪৯:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৯ পিএম, ২২ নভেম্বর ২০২৬ রবিবার

সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ

সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ

১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম (সোশ্যাল মিডিয়া) ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশও দিয়েছেন আদালত।

আজ রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর।

প্রসঙ্গত, শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা, সাইবার হয়রানি, ক্ষতিকর কনটেন্ট ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়ছে। অনলাইনে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ, প্রতারণা ও হয়রানির ঝুঁকিতে পড়ছে অনেক শিশু। এসব বিষয় বিবেচনায় নিয়ে বয়সভিত্তিক ব্যবহার নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা সামনে এসেছে।

ইউনিসেফ বাংলাদেশের ২০২৫ সালের এক জরিপে প্রায় ২৯ হাজার শিশু ও তরুণ অংশ নেয়। এতে দুই-তৃতীয়াংশ উত্তরদাতা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর ও অপতথ্যকে মানসিক চাপের বড় কারণ হিসেবে উল্লেখ করে। প্রায় সাতজনের একজন অনলাইন হয়রানি ও নেতিবাচক মন্তব্যকে উদ্বেগের বিষয় বলে জানায়।

এছাড়া বিশ্বের বিভিন্ন দেশেও শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ায় ২০২৫ সালের ১০ ডিসেম্বর থেকে ১৬ বছরের কম বয়সীদের জন্য নির্দিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াও শিশুদের অনলাইন নিরাপত্তায় বয়সভিত্তিক নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে।