ঢাকা, সোমবার ২৩, নভেম্বর ২০২৬ ২০:৪৬:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ডেঙ্গুতে নারী পুলিশ সাঈদা আক্তারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৯ এএম, ২৩ নভেম্বর ২০২৬ সোমবার

নিহত সাঈদা আক্তার। ফাইল ছবি

নিহত সাঈদা আক্তার। ফাইল ছবি

কিশোরগঞ্জের ভৈরব থানায় যোগদানের পরপরই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাঈদা আক্তার (নারী কনস্টেবল-৩২৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে তিনি মারা যান। 

সাঈদা আক্তার নরসিংদীর রায়পুরা উপজেলার তুলাতুলি গ্রামের আবুল কাসেমের মেয়ে। এর আগে তিনি কিশোরগঞ্জের তাড়াইল থানায় কর্মরত ছিলেন এবং গত ১২ নভেম্বর ভৈরব থানায় যোগদান করেন বলে নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সাঈদা আক্তার নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাবো ইউনিয়নের বাসিন্দা ও তামাবিল হাইওয়ে থানায় কর্মরত কনস্টেবল জোবায়ের আহমেদের স্ত্রী। তাদের সংসারে সাড়ে ছয় বছরের এক ছেলে ও ১৯ মাসের এক কন্যাসন্তান রয়েছে।

নিহতের শ্বশুর মোহাম্মদ আব্দুল গফুর বলেন, ভৈরব থানায় যোগদানের পর সাঈদা জ্বরে আক্রান্ত হন। পরবর্তীতে ছুটিতে বেলাবোর নিজ বাড়িতে এসে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিলে তার ডেঙ্গু শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে গত ১৯ নভেম্বর তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২১ নভেম্বর দুপুরে কিছুটা সুস্থতা বোধ করলে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

ফেরার পথে কিশোরগঞ্জের বাজিতপুরের আগরপুর এলাকায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সন্ধ্যায় বেলাবো পৌঁছানোর পর অবস্থা আরও সংকটাপন্ন হলে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বেলাবোতে তার দাফন সম্পন্ন হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, সাঈদা আক্তারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।