বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষে এশিয়ার যেসব শহর
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:১৫ এএম, ২৩ নভেম্বর ২০২৬ সোমবার
প্রতীকী ছবি।
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ২৭২ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২০৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভারতের রাজধানী নয়াদিল্লি, ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই এবং ১৭৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়।
সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান নির্ধারণী সংস্থা আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে। অপরদিকে বিশ্বের ১২৫ শহরের মধ্যে ১৫৫ স্কোর নিয়ে রাজধানী ঢাকার অবস্থান নবম; যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে নির্দেশ করে।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে স্কোর ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’বলে বিবেচিত হয়।
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণের সমস্যায় জর্জরিত। এর বাতাসের মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের প্রতিবেদন মতে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।
জাতিসংঘের তথ্যমতে, বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ৯ জন দূষিত বাতাসে শ্বাস নেন এবং বায়ু দূষণের কারণে প্রতি বছর প্রধানত নিম্ন ও মধ্য আয়ের দেশে আনুমানিক ৭০ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে।
