ঢাকা, সোমবার ২৩, নভেম্বর ২০২৬ ২২:১৩:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পাঁচশ বছরের ঐতিহ্য বুকে নিয়ে দাঁড়িয়ে বাঘা শাহী মসজিদ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৪ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ সোমবার

পাঁচশ বছরের ঐতিহ্য বুকে নিয়ে দাঁড়িয়ে বাঘা শাহী মসজিদ

পাঁচশ বছরের ঐতিহ্য বুকে নিয়ে দাঁড়িয়ে বাঘা শাহী মসজিদ

রাজশাহীর বাঘা উপজেলায় পাঁচশ বছরেরও বেশি সময় ধরে ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বাঘা শাহী জামে মসজিদ। ইসলামি স্থাপত্যশৈলী ও পোড়ামাটির অপূর্ব কারুকাজে নির্মিত এই মসজিদ শুধু ধর্মীয় উপাসনালয় নয়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনও। 

প্রাচীন এই স্থাপনা দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। অনেকে এখানে নামাজ আদায় করেন, আবার কেউ মসজিদের স্থাপত্য ও ইতিহাস ঘুরে দেখেন।

রাজশাহী মহানগর থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বাঘা উপজেলা সদরে মসজিদটির অবস্থান। ১৫২৩-১৫২৪ সালে (৯৩০ হিজরি) হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নুসরাত শাহ মসজিদটি নির্মাণ করেন। সময়ের সঙ্গে মসজিদটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হলে একাধিকবার সংস্কার করা হয়। ১৮৯৭ সালে গম্বুজগুলো ভেঙে যাওয়ার পর ছাদ নতুন করে নির্মাণ করা হয়।

মসজিদটির স্থাপত্যে সুলতানি আমলের নির্মাণশৈলীর পরিচয় পাওয়া যায়। উঁচু ভিত্তির ওপর নির্মিত এই মসজিদের দৈর্ঘ্য প্রায় ৭৫ ফুট, প্রস্থ ৪২ ফুট এবং উচ্চতা ২৪ ফুট ৬ ইঞ্চি। দেয়ালগুলো প্রায় ৮ ফুট পুরু। এতে রয়েছে ১০টি গম্বুজ, ছয়টি স্তম্ভ, চারটি কারুকার্যখচিত মেহরাব এবং পাঁচটি প্রবেশদ্বার। মসজিদের মাঝখানের দরজার ওপর ফার্সি ভাষায় লেখা একটি শিলালিপিও রয়েছে। চুন-সুরকির গাঁথুনিতে নির্মিত স্থাপনাটির চারপাশ প্রাচীর দিয়ে ঘেরা।

মসজিদটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য এর পোড়ামাটির ফলক বা টেরাকোটার অলংকরণ। দেয়ালজুড়ে ফুটে উঠেছে আমগাছ, শাপলা ফুল, লতাপাতা এবং নানা ধরনের জ্যামিতিক নকশা। সূক্ষ্ম কারুকাজে সাজানো এসব অলংকরণ প্রাচীন বাংলার শিল্পরুচি ও স্থাপত্য ঐতিহ্যের পরিচয় বহন করে। মসজিদের ভেতরে ও বাইরের দেয়ালে রয়েছে নকশা করা মেহরাব ও স্তম্ভ। উত্তর-পশ্চিম কোণে একটু উঁচুতে রয়েছে বিশেষ একটি নামাজের কক্ষ।

মসজিদ প্রাঙ্গণের উত্তর পাশে রয়েছে হজরত শাহদৌলা ও তাঁর পাঁচ সঙ্গীর মাজার। কাছেই আছে জহর খাকী পীরের মাজার। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ১৯৯৭ সালে মাজারের পশ্চিম পাশে খননকাজ চালানোর সময় ৩০ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থের একটি বাঁধানো পুকুরের সন্ধান পাওয়া যায়। পুকুরটির সঙ্গে একটি সুড়ঙ্গপথের মাধ্যমে অন্দরমহলের সংযোগ ছিল। তিন দিক থেকে বাঁধানো সিঁড়ি পুকুরের ভেতরে নেমে গেছে।

মসজিদের পাশেই রয়েছে প্রায় ৫২ বিঘা আয়তনের বিশাল একটি দিঘি। দিঘির চারপাশে সারি সারি নারিকেলগাছ। এর পাড়ে দাঁড়ালে চোখে পড়ে শান্ত জলরাশি আর সবুজের সমারোহ। শীতকালে এখানে আসে নানা প্রজাতির অতিথি পাখি। পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয়দের মতে, জনকল্যাণের উদ্দেশ্যে সুলতান নুসরাত শাহ মসজিদের সামনেই দিঘিটি খনন করান। বর্তমানে দিঘির চারপাশের পাড় বাঁধানো হয়েছে।

মসজিদটির সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যও। প্রতিবছর ঈদুল ফিতরের দিন থেকে টানা তিন দিন মসজিদসংলগ্ন এলাকায় বসে ঐতিহ্যবাহী বাঘা মেলা। প্রায় পাঁচশ বছরের পুরোনো এই মেলায় বাঘা উপজেলা ছাড়াও রাজশাহী জেলার বিভিন্ন এলাকা এবং আশপাশের জেলার মানুষ অংশ নেন।