ঢাকা, মঙ্গলবার ২৪, নভেম্বর ২০২৬ ১৯:৩৭:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

২০৩১ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক চার দেশ

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৪ এএম, ২৪ নভেম্বর ২০২৬ মঙ্গলবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

২০৩১ নারী ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকায়। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডকে দেওয়া হয়েছে ২০৩৫ নারী বিশ্বকাপের আয়োজনের স্বত্ব।

ফিফার বিশেষ কংগ্রেসে সোমবার এই অনুমদন হয়।

দুই আসরের বিডই ছিল প্রতিদ্বন্দ্বিতাহীন এবং সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এর আগে ফিফা ২০৩১ বিশ্বকাপের আয়োজক হওয়ার যোগ্যতা আফ্রিকা ও কনকাকাফ অঞ্চলের সদস্য দেশগুলোর মধ্যে সীমিত রাখে। আর ২০৩৫ আসরের জন্য যোগ্যতা ছিল আফ্রিকা ও ইউরোপীয় সদস্য দেশগুলোর জন্য।

২০৩১ সালের টুর্নামেন্টটি হবে নারী বিশ্বকাপ ইতিহাসে প্রথম, যা চারটি দেশ যৌথভাবে আয়োজন করবে। এছাড়া এটি হবে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত তৃতীয় নারী বিশ্বকাপ। এর আগে যুক্তরাষ্ট্র ১৯৯৯ ও ২০০৩ সালে এবং কানাডা ২০১৫ সালে এই প্রতিযোগিতার আয়োজন করেছিল।

মার্কিন ফুটবল ফেডারেশনের সভাপতি সিন্ডি পারলো কন বলেন, “ফিফার সঙ্গে আমরা বিশ্বমানের একটি টুর্নামেন্ট আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ঐতিহাসিক সুযোগকে কাজে লাগিয়ে বিশ্বজুড়ে নারী ফুটবলের বিকাশ আরও ত্বরান্বিত করতে চাই।”

অন্যদিকে ২০৩৫ সালের আসরটি হবে যুক্তরাজ্যে অনুষ্ঠিত প্রথম নারী বিশ্বকাপ।

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডেবি হিউইট বলেন, “আমরা শুরু থেকেই বলেছি, এটি হবে সবার নারী বিশ্বকাপ। একসঙ্গে আমরা নারী ফুটবলের শক্তিকে উদযাপন করব, নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করব এবং বিশ্বের সব প্রান্তের সমর্থকদের একত্রিত করব।”

২০৩১ নারী বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে। ২০৩৫ আসরেও একই ফরম্যাট বজায় থাকবে। সেখানে ১২টি গ্রুপে চারটি করে দল খেলবে এবং পরে শেষ ৩২ থেকে নকআউট পর্ব শুরু হবে।

এদিকে ২০২৭ নারী বিশ্বকাপ, যা হবে প্রতিযোগিতাটির দশম আসর, আগামী বছর ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত ব্রাজিলে অনুষ্ঠিত হবে। এটি হবে দক্ষিণ আমেরিকায় আয়োজিত প্রথম নারী বিশ্বকাপ।