বিজেপি ফাইনালেও হারবে : মমতা ব্যানার্জি
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘পাঁচ রাজ্যের বিধানসভা ফলাফলের ট্রেন্ডই বলে দিচ্ছে সেমিফাইনালে বিজেপি কোথাও নেই। ২০১৯–এর লোকসভা নির্বাচনের ফাইনালে কী হবে তার ইঙ্গিত এটি।
আজ মঙ্গলবার টুইটারে এ মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, এটাই গণতন্ত্রের জয়। মানুষই ম্যান অব দ্য ম্যাচ গণতন্ত্রে। দেশবাসীর জয়। তিন রাজ্যের সম্ভাব্য জয়ীদের আমার শুভেচ্ছা।
মঙ্গলবার করা আরেক টুইটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা গণতন্ত্রের বিজয়। এ বিজয় অবিচার, নৃশংসতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অপব্যবহারেরই জবাব। এ বিজয় বেকারত্বের বিরুদ্ধে গরীব, তরুণ, কৃষক, দলিত ও সংখ্যালঘুদের রায়।’
অাজ প্রকাশিত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে বড় ধাক্কা খেয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। ফলে দেখা যায়, ছত্তিশগড়ে ৯০টি আসনের মধ্যে মাত্র ১৪টি আসন পেয়েছে বিজেপি। ৬৬ আসন পেয়ে এখানে এগিয়ে আছে কংগ্রেস। রাজস্থানে বিজেপির আসন ৭৩টি। ১০১ আসন পেয়ে এখানে সরকার গঠন করতে যাচ্ছে কংগ্রেস।
মধ্য প্রদেশে বিজেপি ও কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। উভয় দলের প্রাপ্ত আসন সংখ্যার ব্যবধান সামান্য।
তেলেঙ্গানা ও মিজোরামে সংখ্যাগরিষ্ঠতা পায় আঞ্চলিক দল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি ও মিজো ন্যাশনাল ফ্রন্ট। এ দুটি রাজ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে কংগ্রেস।
