ঢাকা, শনিবার ২৮, নভেম্বর ২০২৬ ১৭:১৯:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৪ এএম, ২৮ নভেম্বর ২০২৬ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

উত্তরের হিমালয়কন্যা খ্যাত জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। ভোরের হালকা কুয়াশা আর রাতভর বয়ে চলা হিমেল বাতাসে জনজীবনে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ, যার ফলে ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকা কুয়াশার চাদরে ঢাকা পড়ে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ নভেম্বর) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, দিনে প্রখর রোদ ও গরম অনুভূত হলেও সন্ধ্যা নামার পর থেকেই তাপমাত্রা দ্রুত কমতে শুরু করে। দিন ও রাতের তাপমাত্রার এই বড় ব্যবধানের কারণে ভোররাতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে।

সরেজমিনে জেলার সদর, আটোয়ারি ও বোদা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে হালকা কুয়াশা ভেদ করে কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। অনেকেই গায়ে জড়িয়েছেন হালকা শীতের পোশাক।

বোদা উপজেলার এক স্থানীয় ব্যবসায়ী জীবন বলেন, ‘দিনের বেলা রোদের তাপে বেশ গরম লাগে, তখন বোঝাই যায় না যে শীত পড়েছে। কিন্তু রাত বাড়ার সাথে সাথে প্রচণ্ড ঠান্ডা পড়তে শুরু করে। বিশেষ করে ফজরের সময় বাড়ি থেকে বের হলে বেশ শীত লাগে।’

অন্যদিকে, আটোয়ারি উপজেলার ভ্যানচালক জাহিদ বলেন, ‘ভোরে কুয়াশার কারণে সামনের রাস্তা ঠিকমতো দেখা যায় না। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় হাত-পা ঠান্ডা হয়ে আসে। তাই সকালের দিকে রিকশা-ভ্যান চালাতে একটু কষ্ট হচ্ছে।’

তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভোরের দিকে কুয়াশার ঘনত্ব আরও বাড়তে পারে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে।’