বাজে পারফরম্যান্সে বিপাকে পাকিস্তানের ক্রিকেটাররা
স্পোর্টস ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:২৫ এএম, ২৮ নভেম্বর ২০২৬ শনিবার
সংগৃহীত ছবি
নারী ক্রিকেট দলের হতাশজনক পারফরম্যান্সের পর বড়সড় পদক্ষেপ নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকায় কাটছাঁট করা হলো।
গত বছর ২০জন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তির আওতায় ছিলেন। এবার সেই সংখ্যা কমিয়ে করা হল ৮। শুক্রবার নতুন চুক্তির তালিকা প্রকাশ করে পিসিবি। এই চুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। নতুন তালিকায় সর্বোচ্চ ক্যাটাগরি অর্থাৎ ‘এ’ বিভাগে জায়গা পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা এবং বাঁ হাতি স্পিনার সাদিয়া ইকবাল।
‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন মুনিবা আলি সিদ্দিকি, নাশরা সান্ধু এবং সিদরা আমিন। আর ‘সি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন আয়েশা জাফর, গুল ফিরোজা ও সাদাফ শামাস। নতুন চুক্তিতে তুলে দেওয়া হয়েছে ‘ডি’ এবং ‘ই’ ক্যাটাগরি। গত বছরের চুক্তিতে এই দুই বিভাগ মিলিয়ে মোট ১২জন ক্রিকেটার ছিলেন।
বিশেষ করে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে গত বছরই ‘ই’ ক্যাটাগরি চালু করেছিল পিসিবি। কিন্তু সেই বিভাগে চুক্তি পাওয়া দুই ক্রিকেটার ইমান ফতিমা এবং শাওয়াল জুলফিকার এবার নতুন তালিকায় জায়গা পাননি।
শুধু তরুণ ক্রিকেটাররাই নন, বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকেও কেন্দ্রীয় চুক্তির বাইরে রাখা হয়েছে। এই তালিকায় রয়েছেন আলিয়া রিয়াজ, ডায়না বেজ, রামিন শামিম, নাজিহা আলভি, নাতালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, সিদরা নওয়াজ, আরুব শাহ, তুবা হাসান, উম্মে-হানি এবং ওয়াহিদা আখতার।
পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরম্যান্স এবং ফিটনেসের বিষয়টি বিবেচনা করেই নতুন চুক্তির তালিকা তৈরি করা হয়েছে। ছেলেদের কেন্দ্রীয় চুক্তির মতো নারীদের ক্ষেত্রে আলাদা ফরম্যাট ভিত্তিক বিভাগ নেই। দলের সাম্প্রতিক ব্যর্থতা সত্ত্বেও ফতিমা সানার সর্বোচ্চ ক্যাটাগরিতে জায়গা পাওয়া উল্লেখযোগ্য।
