ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ২২:৫১:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আরেকবার দেশ সেবার সুযোগ দিন : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮ বুধবার

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আজ পিতা-মাতা, ভাই হারা আমি। আপনারা দায়িত্ব নিয়েছেন। প্রতিবার সেই দায়িত্ব পালন করেন আপনারা। আপনারাই ভোট দেন, আপনারাই নির্বাচিত করেন। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি সরকার প্রধান হয়ে দেশের সেবা করার সুযোগ পাই।’

আজ বুধবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোটালিপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায়  প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আপনারা যে দায়িত্ব পালন করছেন তার জন্য কৃতজ্ঞতা জানচ্ছি। এখনো আমি আপনাদের কাছে সেই দায়িত্ব দিয়ে যাচ্ছি। আমার আপনজন বলতে আছে একটা ছোট বোন আর আছেন আপনারা। আপনারাই আজকে আমার আপন জন হয়ে সেই নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আরেকটি বার দেশ সেবার সুযোগ করে দিবেন। আপনাদের কাছে সেটাই চাই।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘এটা আমার প্রথম নির্বাচনী সভা। কাজেই এই সভা থেকেই আমি সমগ্র দেশবাসীর কাছে  নৌকা মার্কায় ভোট চাই। জনগণের সেবা করতে চাই, বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই।’

শেখ হাসিনা বলেন, ‘আমি সকলের সাহায্য চাই, দোয়া চাই। আমরা নৌকা মার্কায় যাকে যেখানে প্রার্থী করেছি তাদের সবাইকে ভোট দেওয়ার জন্য আমি দেশবাসীকে আহ্বান জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘নৌকায় ভোট দিয়ে আপনারা স্বাধীনতা পেয়েছেন। বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছেন। ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ আজকে বাস্তব। আজকে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন। কাজেই বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের এই অগ্রযাত্রা কেউ যেন বন্ধ করতে না পারে। এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। বাংলাদেশ যেন বিশ্ব সভায় মাথা উঁচু করে চলতে পারে। আমি সেই সুযোগ দেশবাসীর কাছে চাই।’

শেখ হাসিনা বলেন, ‘নৌকায় ভোট দিলে কেউ কখনও বঞ্চিত হয় না। নৌকায় ভোট দিলে সকলে সুন্দর ও উন্নত জীবন পায়। আর আমার এই কথাটা সকলের কাছে আমরা পৌঁছে দেবেন। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আবার দেখা হবে। আমি শুধু বিদায়ের আগে এইটুকু বলে যাই-নিঃস্ব আমি রিক্ত, আমি, আমার দেবার কিছু নেই। আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই।’

এর আগে বুধবার বিকেল ৪টার দিকে শেখ হাসিনা জনসমাবেশস্থলে আসেন। এদিন আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের জনসংযোগ শুরু হওয়ার পর এটিই সংগঠনের সভাপতি শেখ হাসিনার প্রথম জনসভা। 

এদিন দুপুর ২টা ৪০ মিনিটে ধর্মীয় গ্রন্থ থেকে তেলাওয়াতের মাধ্যমে জনসভার কার্যক্রম শুরু হয়।

জনসভা ঘিরে জেলা ও আশেপাশের জেলা থেকে নেতাকর্মীরা দুপুর ১২টার আগে থেকেই জনসমাবেশস্থলে আসতে শুরু করেন। বিকেল ৩টা নাগাদ কানায় কানায় ভরে যায় স্কুলমাঠ।

জনসভায় সভাপতিত্ব করছেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র জয়ধর। সভা পরিচালনা করছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আয়নাল হোসেন।