ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ২২:৫০:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আমজাদ হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

চলচ্চিত্রের গুণী নির্মাতা, গীতিকার, চিত্রনাট্যকার ও অভিনয়শিল্পী আমজাদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার এক শোকবার্তায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি বলেন, বরেণ্য এই শিল্পীর মৃত্যুতে বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক অপূরণীয় ক্ষতি হলো। তিনি আরও বলেন, স্বীয় কর্মের মাধ্যমে তিনি মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।

এর আগে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমজাদ হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

নভেম্বরের মাঝামাঝি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন আমজাদ হোসেন। তখন তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ২৭ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে নিউরো সার্জন ডা. টিরা ট্যাংভিরিয়াপাইবুনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি।

এই গুণী নির্মাতার চিকিৎসার সব দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৪২ সালের ১৪ আগস্ট জামালপুরে জন্মগ্রহণ করেন আমজাদ হোসেন। পঞ্চাশের দশকে ঢাকায় এসে সাহিত্য ও নাট্যচর্চার সঙ্গে জড়িত হন। প্রথমে তিনি অভিনয় করেন মহিউদ্দিন পরিচালিত ‘তোমার আমার’ সিনেমায়।

আমজাদ হোসেন একসময় চলচ্চিত্র পরিচালক জহির রায়হানের সহকারী হিসেবে কাজ শুরু করেন। ১৯৬৭ সালে তিনি নিজেই চলচ্চিত্র নির্মাণ করেন।

আমজাদ হোসেনের পরিচালনায় নির্মিত জনপ্রিয় ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘বাল্যবন্ধু’, ‘পিতা পুত্র’, ‘এই নিয়ে পৃথিবী’, ‘বাংলার মুখ’, ‘নয়নমণি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘কসাই’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দুই পয়সার আলতা’, ‘সখিনার যুদ্ধ’, ‘ভাত দে’, ‘হীরামতি’, ‘প্রাণের মানুষ’, ‘কাল সকালে’, ‘গোলাপী এখন ঢাকায়’ ‘গোলাপী এখন বিলেতে’ ইত্যাদি।

গুণী পরিচালক আমজাদ হোসেন ‘গোলাপী এখন ট্রেনে’ এবং ‘ভাত দে’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।