ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ২২:৪৯:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৯ এএম, ১৬ ডিসেম্বর ২০১৮ রবিবার

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আজ রোববার ১৬ ডিসেম্বর ভোর সাড়ে ৬টায় প্রথমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। পরে এক মিনিট নীরবতা পালন করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর এক চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে।

এ সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা, মন্ত্রীপরিষদ সদস্যগণ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, সংসদ সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, কূটনীতিকবৃন্দ এবং সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে দলের নেতা-কর্মীদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে আরেকটি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এরপর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক-সংস্কৃতিক সংগঠনের নেতারা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

জাতি আজ ৪৮তম বিজয় দিবস পালন করছে। এ দিনটি এদেশের মানুষের কাছে সবচেয়ে মূল্যবান। দীর্ঘ নয় মাস স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ এই দিনে পাকিস্তানী দখলদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়।

৪৭ বছর আগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং ৩০ লাখ শহীদের সর্বোচ্চ আত্মত্যাগ ও দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে জন্মলাভ করে।