তিন’শ নারীকে ধর্ষণ, ‘আধ্যাত্মিক গুরু’ পলাতক
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:১০ এএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার
ছবি : সংগ্রহ করা
কমপক্ষে ৩০০ নারীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে ব্রাজিলের বিশ্বখ্যাত আধ্যাত্মিক এক গুরুর বিরুদ্ধে। অভিযোগ ওঠার পরই গা ঢাকা দিয়েছেন তিনি।
ব্রাজিলের ওই আধ্যাত্মিক গুরুর নাম রোয়াও তেশেইরা দে ফারিয়া (৭৬)। তিনি ১৯৭৬ সাল থেকে দেশটির ছোট শহর আবাদিয়ানায় কথিত আধ্যাত্মিক চিকিৎসা দিয়ে আসছিলেন। প্রতিবছর তার দ্বারস্থ হতেন হাজারো ব্রাজিলিয়ান। অনেক অনুসারীও রয়েছে তার।
তবে বিশ্বজুড়ে খ্যাতি পান যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা অপরাহ উইনফ্রে ২০১৩ সালে ওই কথিত গুরুকে নিয়ে একটি প্রতিবেদন করার পর। এরপর থেকে তার কাছে চিকিৎসা নিতে বিদেশীরাও হাজির হতেন।
ওই আধ্যাত্মিক গুরুর বিরুদ্ধে প্রথম একজন ডাচ আলোকচিত্রী গ্লোবা টিভিতে ধর্ষণের অভিযোগ তুলেন। ওই নারীর অভিযোগ, তাকে চিকিৎসার নামে ফুসলিয়ে ধর্ষণ করেছে এই গুরু।
এরপর আরো প্রায় ৬ জন ব্রাজিলিয়ান নারী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। এছাড়া ২৫৮ জনের বেশি নারী
গুরু ফারিয়ার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। তার বিরুদ্ধে মামলাও করা হয়।
তবে সবার অভিযোগ অস্বীকার করেন ফারিয়া। এক বিবৃতিতে তার পক্ষে বলা হয়, ৭৬ বছর বয়সী ফারিয়া আধ্যাত্মিক শক্তির বলে হাজারো মানুষের চিকিৎসা করেছেন।
এদিকে ধর্ষণের মামলায় গত শনিবার ওই আধ্যাত্মিক গুরুকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ফারিয়া আদালতে যাননি। ভয়ে তিনি পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, দেশটির পুলিশ এই তথাকথিত গুরুর সন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তথ্য সূত্র: ভয়েস ওব আমেরিকা
