সব ধর্মের ঈশ্বরকেই ডাকি আমরা : মমতা
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৪৬ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার
বিজেপিকে তীব্র আক্রমণ করে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্তী মমতা ব্যানার্জি বলেছেন, ঈশ্বরের নামে হয় রথযাত্রা। দাঙ্গার নামে নয়। সব ধর্মের সব ঈশ্বরকেই ডাকি আমরা।
রাজ্যে রথযাত্রা নিয়ে কলকাতা হাইকোর্ট অনুমতি না দেওয়ায় সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিল বিজেপি। সুপ্রিম কোর্টও বিজেপির আপিল খারিজ করে দেয়।
মমতা বলেন, দুই দেবতার নামে রথযাত্রা হয়। কৃষ্ণ এবং জগন্নাথ। আমরা ওই রথযাত্রাগুলোতে অংশগ্রহণ করি। যারা সাধারণ মানুষকে মেরে ফেলার জন্য রথযাত্রার পরিকল্পনা করেন, তাদের মূল লক্ষ্য ঈশ্বর বন্দনা নয়। তাদের লক্ষ্য 'দাঙ্গা' যাত্রা করা।
তিনি বলেন, আমরা কাউকে অপমান করি না। আমরা জাতপাত ধর্ম নির্বিশেষে সকলকে সম্মান করি। মানুষকে ভালবাসাই সব ধর্মের মূল মন্ত্র।
'গণতন্ত্র বাঁচাও যাত্রা নামে বিজেপির রথযাত্রা তিন দফায় হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গে। এ মাসের শুরুতেই হওয়ার কথা ছিল সেই যাত্রা। ওই যাত্রা সূচনা করার কথা ছিল বিজেপি সভাপতি অমিত শাহ'র।
বিজেপি নেতাদের 'ভোগী' বলে সম্বোধন করে মমতা বলেন, মানুষ কোন ধর্ম মেনে চলবে, সেটা ঠিক করার অধিকার বিজেপি নেতাদের নেই। কোন ধর্মের ওপর আমি বিশ্বাস রাখব, তা আমার সিদ্ধান্ত। আমরা ধর্মনিরপেক্ষ। সব ধর্মের সব ঈশ্বরকেই ডাকি আমরা। আমরা যেমন হিন্দু ধর্মকে পছন্দ করি, ঠিক একইভাবে পছন্দ করি খ্রিস্টান বা শিখ ধর্মও।
