২৯ মে ঢাকায় প্রধানমন্ত্রীর সংবর্ধনা
প্রকাশিত : ০৬:৪৬ এএম, ১৫ মে ২০১৫ শুক্রবার | আপডেট: ০৮:১৬ এএম, ১৫ মে ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ভারতের সাথে স্থলসীমান্ত বিল পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের জন্য তাকে গণসংবর্ধনা দেবে নাগরিক কমিটি।
আগামী ২৯শে মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর আড়াইটায় এ সংবর্ধনা দেয়া হবে।
বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সভা শেষে এ তথ্য জানিয়েছেন দলের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নসহ সম্প্রতিক সময়ে দেশের জন্য শেখ হাসিনার অবদানের জন্য তাকে গনসংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি জানান, গণসংবর্ধনা কমিটির জন্য কবি সৈয়দ শামসুল হককে চেয়ারম্যান করে ২০২ জনের একটি নাগরিক কমিটি গঠন করা হয়েছে।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে সভাপতি করে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। সদস্য সচিব করা হয়েছে মোহাম্মদ নাসিমকে। এছাড়া ঢাকার দুই মেয়র, আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটি, সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা ওই কমিটির সদস্য হিসেবে রয়েছেন।
২০২ জনের ওই কমিটিতে আওয়ামী লীগের সিনিয়র নেতারা ছাড়া প্রফেসর’স এ্যামিরেটস আনিসুজ্জামান, ড. ফরাসউদ্দিন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিয়ার রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী, কবি নির্মলেন্দু গুন, কে এম সফিউল্লাহসহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বুদ্ধিজীবিরা রয়েছেন।
যৌথ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, আওয়ামী লীগনেতা আবুল হাসনাত আব্দুল্লাহ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক প্রমুখ।
১৫.০৫.২০১৫ 