ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১১:৩৭:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শবরিমালা মন্দিরে দুই নারীর ঐতিহাসিক প্রবেশ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪০ পিএম, ২ জানুয়ারি ২০১৯ বুধবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

অবশেষে  ৫৩ বছর পর প্রাচীন প্রথা ভেঙে ভারতের কেরালা রাজ্যের শবরিমালা মন্দিরে প্রবেশ করলেন দেশটির দুই নারী। নতুন ইতিহাস গড়লেন তারা। মন্দিরে ১০ থেকে ৫০ বছরের অর্থাৎ ঋতুকালীন বয়সের মহিলারা প্রবেশ করতে দেয়া হতো না। বহু প্রাচীন কাল থেকে এই প্রথাই চলে আসছিল। এমনকি, মন্দিরে ঢোকার সময় বয়সের প্রমাণপত্রও দেখাতে হত মন্দির কর্তৃপক্ষকে। 

এই প্রথার বিরুদ্ধেই সুপ্রিম কোর্ট সম্প্রতি রায় দিয়ে জানায়, ধর্মাচরণে নারী-পুরুষ ভেদাভেদ করা যায় না। সব বয়সের নারীদের প্রবেশাধিকার দেয়ার নির্দেশ দেয় ভারতের শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছিল ২৮ সেপ্টেম্বর। তার পর থেকে বহু নারী মন্দিরে ঢোকার চেষ্টা করেন। কিন্তু আয়াপ্পার দর্শন হয়নি। মন্দিরে প্রবেশে বাধা দিয়েছে আয়াপ্পার ‘ভক্ত’রা। প্রতিবাদ-বিক্ষোভে আটকে দিয়েছেন মন্দিরে প্রবেশের রাস্তা। এত দিন পুলিশ-প্রশাসনও সেখানে ছিল কার্যত অসহায়। চার মাস পর অবশেষে আজ বুধবার শবরিমালা মন্দিরে ঢুকে ইতিহাস তৈরি করলেন বছর চল্লিশের দুই নারী।

পুলিশের দাবি, সাত সকালেই মন্দিরে ঢুকে আয়াপ্পা স্বামীর মন্দিরে প্রার্থনা করে নির্বিঘ্নে ফিরেও এসেছেন তারা। সেই সঙ্গেই অবসান হল ১০ থেকে ৫০ বছরের মধ্যে বয়সের নারীদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞার। শুরু হল এক নয়া অধ্যায়ের।