ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ২০:২৮:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যতদিন বেঁচে থাকব, জনগণের সেবা করে যাব: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৯ পিএম, ২ জানুয়ারি ২০১৯ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তিনি বলেছেন, ‘জনগণের সেবা করাটা একটি বড় কাজ। আমি যতদিন বেঁচে থাকব, এটা অব্যাহত রাখব।’

আজ বুধবার বিকেলে গণভবনে ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয়ে তাকে শুভেচ্ছা জানাতে আসা বিভিন্ন সংস্থা এবং ব্যক্তির সঙ্গে সাক্ষাতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনের পর দেশ ও জনগণের প্রতি আমার দায়িত্বটা আরও বেড়ে গেছে।’ তিনি জনগণের আশা ও আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাওয়ারও অভিপ্রায় ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশ স্কাউটস এবং গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, উচ্চপদস্থ সামরিক-বেসামরিক এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তারা অনুষ্ঠানে ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

শেখ হাসিনা বলেন, ‘রোববারের নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় সব সম্প্রদায় ও শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফসল। সমাজের সর্বস্তরের জনগণ আওয়ামী লীগের বিজয়ের জন্য সর্বান্তকরণে প্রচেষ্টা চালিয়েছিল এবং এ জন্য আমি তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী এ সময় ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলায় সবার সহযোগিতা কামনা করেন।

শেখ হাসিনা তার সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদকবিরোধী অনড় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশের মাটিতে এ ধরনের জঞ্জালের কোনো স্থান হবে না।’ এসময় নিরঙ্কুশ বিজয়ে তাকে শুভেচ্ছা জানাতে গণভবনে আসা বিভিন্ন সংস্থার সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানান।