ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ২২:৩৫:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নির্বাচন নিয়ে কিছু বলার নেই : খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জানিয়েছেন সম্প্রতি অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কিছু বলার নেই তার। 

আজ বৃহস্পতিবার নাইকো দুর্নীতি মামলায় আদালতে হাজিরা শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারের যে কক্ষে কারাবন্দি খালেদা জিয়ার মামলা চলছে সেই কক্ষের বিষয়ে আদালতে ক্ষোভ প্রকাশ করেন খালেদা জিয়া। তিনি বিচারকের উদ্দেশে বলেন, ‘এত ছোট জায়গায় মামলা চলতে পারে না। এখানে আমাদের কোনো আইনজীবী বসতে পারেন না। এখানে মামলা চললে আমি আর আদালতে আসব না।’

নাইকো দুর্নীতি মামলায় হাজিরা দেয়ার জন্য খালেদা জিয়াকে আজ দুপুর ১২টা ১০ মিনিটে আদালতে হাজির করা হয়। ওই আদালতে হাজির হয়ে আদালতে জায়গা সঙ্কট দেখে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

পরে আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা খালেদা জিয়ার কাছে জানতে চান নির্বাচনের বিষয়ে আপনার মন্তব্য কী? তখন তিনি উত্তরে বলেন, ‘নির্বাচন নিয়ে কিছু বলার নেই।’ এর বেশি তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদাকে কারাগারে রেখেই গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের ভরাডুবি হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজ বৃহস্পতিবার প্রথমবারের মত আদালতে হাজির করা হলো খালেদা জিয়াকে।