ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ১৪:০৯:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দ্বিতীয় মহানন্দা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত : ০২:০৬ পিএম, ১৬ মে ২০১৫ শনিবার | আপডেট: ০২:০৭ পিএম, ১৬ মে ২০১৫ শনিবার

chapai1_264589স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা :  শনিবার দুপুর ১টায় চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর উপর সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে নবনির্মিত চাঁপাইনবাবগঞ্জ মেজবাউল হক স্টেডিয়ামে পৌঁছান শেখ হাসিনা। সার্কিট হাউসে কিছু সময় বিশ্রাম নেয়ার পর শহর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে সাহেবের ঘাট যান তিনি। সেখানে  মহানন্দা নদীর ওপর সেতুটি উদ্বোধন করেন। সেতু উদ্বেধন শেষে প্রধানমন্ত্রী সার্কিট হাউসে চলে যান। দুপুরের খাবার ও নামাজের বিরতির পর প্রধানমন্ত্রী ৮টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে নবাবগঞ্জ সরকারি কলেজ ময়দানে বিকেলে প্রধানমন্ত্রী জনসভায় ভাষণ দেন। ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ছিটমহলবাসীদের আর কোনো কষ্ট থাকবে না। তাদের উন্নয়নের জন্য রাস্তাঘাট, স্কুল ও বিদ্যুৎসহ যা প্রয়োজন সব ব্যবস্থা করা হবে। তিনি বলেন, আমরা মানুষের বিদ্যুতের ব্যবস্থা করেছি। যারা বিদ্যুৎ পায়নি তাদের জন্য সৌর ‍বিদ্যুতের ব্যবস্থা করেছি। কৃষকের সার ও বীজের ব্যবস্থা করেছি। প্রধানমন্ত্রী বলেন, আমরা ৫ হাজার ২৭৫টি তথ্যসেবা কেন্দ্র করেছি। এতে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। ডিজিটাল সেন্টার ও কমিউনিটি ক্লিনিকসহ আমরা বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। তিনি বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। আওয়ামী লীগ প্রযুক্তি শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছে। আমার প্রত্যেক স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম করছি। পর্যায়ক্রমে দেশের সব স্কুলে তা করা হবে। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন,  রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি খায়রুজ্জামান লিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপিত মঈদ উদ্দিন মন্ডল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক আবু সাঈদ আল স্বপন ও চাঁপাইনবাবগঞ্জ-১, ২ ও ৩ আসনে এমপি যথাক্রমে গোলাম রব্বানী, গোলাম মোস্তফা, আবদুল ওদুদসহ স্থানীয় ও বিভাগীয় পর্যায়ের নেতাকর্মীরা। ১৬.০৫.২০১৫