ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৭:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাবার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন   

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার

নিজের বাবার হামলা-মামলা ও হয়রানির হাত থেকে বাঁচতে সরকার, প্রশাসন ও সচেতন দেশবাসীর সহযোগিতা চেয়েছেন মেয়ে তানিয়া আক্তার নাজমীন। আজ শনিবার বরিশালের গৌরনদী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই সহযোগিতা চান তিনি।

অভিযুক্ত বাবা আবুল বাশার নলচিড়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি গৌরনদী রাশিদিয়া এমদাদুল উলুম কওমী মাদ্রাসার (থানা মাদ্রাসা ) সাবেক মৌলভী।

সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে তানিয়া আক্তার নাজমীন জানান, তার বাবার আচার-ব্যবহারে নাজমীনের স্বামীর পরিবার অতিষ্ঠ। তাকেসহ তার স্বামী, শ্বশুর, ভাসুর ও দেবরদের বিরুদ্ধে তার বাবা প্রায় ডজনখানেক মিথ্যা মামলা দিয়েছেন। ফলে নিরুপায় হয়ে বাবার এ হয়রানীর থেকে বাঁচার জন্য সরকার, প্রশাসন ও সচেতন দেশবাসীর কাছে আকুতি জানাতে বাবার বিরুদ্ধে তিনি এই সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছেন।

নাজমীন অভিযোগ করেন, বাবা আবুল বাশার খান তার স্বামী দলিল লেখক মো. জামাল খানের কাছ থেকে গত সাত থেকে আট বছর আগে নগদ ৫ লাখ টাকা ধার নিলেও ফেরত দেয়নি। আর ওই টাকা ফেরত চাইতে গিয়ে প্রথমে বিরোধের সূত্রপাত।

তিনি জানান, ওয়ারিশ সূত্রে তার বাবা তাদের পূর্ব পূরুষদের কাছ থেকে পাওয়া সম্পত্তির প্রায় সবটুকুই ইতিমধ্যে বিক্রি করে দিয়েছেন। তার উদ্দেশ্য ছিল ফুফাত ভাইবোনের সম্পত্তি কিনে বিনামূল্যে ভোগ করা। 

নাজমীন বলেন, এ কারণে আমার বাবা তার ফুফাত ভাইবোনের সম্পত্তি কিনতে অস্বীকৃতি জানান। কিন্তু পরে আমি ওই সম্পত্তি ন্যায্য মূল্যে কিনে নিই। এতে তার বাবার স্বার্থে আঘাত লাগে বলেও জানান তার মেয়ে।

সংবাদ সংম্মেলনে নাজমীন আরও অভিযোগ করেন, এক পর্যায়ে আমি উক্ত জমির মূল্য পরিশোধ করে বাবাকে ফেরত দিতে চাইলে তিনি তা ফেরত নিতেও অস্বীকৃতি জানান। আমার বাবা আমার স্বামী, ভাসুর দেবরদের নামে প্রায় ডজনখানেক মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়েছেন। বাবার এ অনৈতিক ও অমানবিক হামলা-মামলার শিকার হয়ে আমার পরিবারের সকল সদস্যের জীবন এখন বিপর্যস্ত।