ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ৯:৩৭:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মার্কিন গোয়েন্দা সংস্থায় শীর্ষ তিন পদসহ ৫০ শতাংশই নারী

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩০ পিএম, ৭ জানুয়ারি ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় (সিআইএ) শীর্ষ তিন পদসহ ৫০ শতাংশ নারী কাজ করছেন বলে দাবি করেছেন এক মার্কিন গোয়েন্দা অফিসার। খবর এএফপি ও ডেইলি মেইলের।

গত বছর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক মাইক পম্পেও। এর ফলে শূন্য হয় সিআইএ পরিচালকের পদ। সেই পদ অর্থাৎ মার্কিন গোয়েন্দাদের প্রধান হয়েছেন ৬১ বছর বয়সী জিনা হাসপেল। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম গোয়েন্দাদের চালানোর দায়িত্ব পেয়েছেন কোনো নারী।

সিবিএস নিউজের খবরে বলা হয়েছে, ১৯৮৫ সালে সিআইএতে যোগ দিয়েছিলেন জিনা হাসপেল। বিদেশের মাটিতে বার কয়েক গোয়েন্দা স্টেশন চালিয়েছেন তিনি। ওয়াশিংটনে কয়েকটি জ্যেষ্ঠ সরকারি পদে কাজ করেছেন তিনি। ন্যাশনাল ক্ল্যান্ডেস্টাইন সার্ভিসের উপপরিচালক হিসেবে কাজ করেছিলেন জিনা।

এবার সিআইএর বিশ্লেষণসংক্রান্ত কাজে ডেপুটি ডিরেক্টর পদে জিনা বেছে নিলেন সিন্থিয়া ডিডি রাপকে।

সিন্থিয়ার নিয়োগের পর সিআইএর তিন শীর্ষ পদে এবার চলে এলেন নারীরা। এর আগে সংস্থার গোপন অভিযানসংক্রান্ত বিভাগের প্রধানের পদে জিনা নিয়ে এসেছিলেন এলিজাবেথ কিম্বারকে (৫৬)।

জিনা, সিন্থিয়া আর এলিজাবেথের পাশাপাশি সিআইএতে আছেন আরও অনেক নারী অফিসার। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে নারী ডেপুটি ডিরেক্টর ডন মেয়ারিকসও আছেন আগে থেকেই।

সদ্য নিযুক্ত সিন্থিয়া ডিডি রাপ পশ্চিম এশিয়া সম্পর্কে বিশেষজ্ঞ। এর আগে সিআইএতে জনসংযোগ বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন। তার স্বামী, বাবা ও মা প্রত্যেকেই কাজ করেছেন সিআইএর হয়ে। গত বছর মে মাসে হাসপেল দায়িত্ব নেয়ার পরেই সংস্থার আইনজীবী হিসেবে এর আগে নিয়োগ করেছেন সিমন্স এলউডকে। আর একটি বিভাগের শীর্ষেও তিনি এনেছেন সনিয়া হল্টকে।

-জেডসি