বিমানবালারা ওজন কমাও, নইলে ছাঁটাই: পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:২৪ পিএম, ৭ জানুয়ারি ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
মাত্রাতিরিক্ত ওজনের কোনও বিমানবালাদের (কেবিন ক্রু) আর রাখবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ)। বিমান সংস্থাটির ১৮০০ কেবিন ক্রুকে আগামী ছয় মাসের মধ্যে ওজন কমাতে বলা হয়েছে, তা না হলে চাকরি হারাতে হবে বলে হুশিয়ারি দিয়েছে বিমান সংস্থাটি। খবর দি ইন্ডিয়ান টাইমসের।
নতুন বছরের প্রথম দিনেই এ নির্দেশনা জারি করেছে পিআইএ।
পিআইএ’র জেনারেল ম্যানেজার (ফ্লাইট সার্ভিসেস) আমির বশির স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, কেবিন ক্রুদের প্রতি মাসে পাঁচ পাউন্ড করে ওজন কমাতে হবে। এভাবে ছয় মাসে ৩০ পাউন্ড কমলে ফ্লাইট অ্যাটেনড্যান্টরা দায়িত্ব পালন করতে পারবেন বিমানের অভ্যন্তরে।
কেবিন ক্রুদের জন্য উচ্চতা ও শারীরিক গড়ন অনুযায়ী প্রস্তাবিত ওজন চার্ট প্রকাশ করেছে পিআইএ। উদাহরণস্বরূপ ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার নারীদের ওজন ১৩৩ থেকে ১৫৭ পাউন্ড প্রযোজ্য। এখন থেকে সব কেবিন ক্রুর ওজন পরীক্ষা করে তথ্য রক্ষণাবেক্ষণ করা হবে। এরপর ঘাম ঝরানোর জন্য প্রতি মাসে তাদের নিয়ে যাওয়া হবে গ্রুমিং সেলে।
পিআইএ’র মুখপাত্র মাশহুদ তাজওয়ার মনে করেন, শতকরা ৫ শতাংশ কেবিন ক্রুকে চাকরি বাঁচাতে ১ জুলাইয়ের মধ্যে ওজন কমাতে হবে। তার মন্তব্য, সব যাত্রী উড়োজাহাজে স্লিম, স্মার্ট ও ফিট কেবিন ক্রু দেখতে চায়। মেদবহুল কেবিন ক্রুর বিষয়ে অভিযোগ এসেছে বলেও জানান তিনি। এজন্য পিআইএ ওজন কমাতে কঠোর নির্দেশনা দিল।
-জেডসি
