সৈয়দ আশরাফের আদর্শ অনুকরণীয়: আইভী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:০৭ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ফাইল ছবি
সৈয়দ আশরাফুল ইসলাম রাজনৈতিক জীবনের আদর্শেএবং নৈতিকতায় পরিপূর্ণ। মহান এ নেতার আদর্শ অনুসরণের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানাতে হবে।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে সদ্য প্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রী আশরাফুল ইসলামের স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে এ স্মরণ সভার আয়োজন করা হয়। সভায় তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
সভায় নারায়ণগঞ্জের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা বেগম বাবলী বলেন, তিনি সব সময় মানুষের সেবায় কাজ করে গেছেন। কখনো নিজের স্বার্থের জন্য কোনো কাজ করেননি। তিনি ছিলেন একজন নির্লোভ মানুষ।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম অসাধারণ কাজ করে গেছেন তিনি। একজন সংসদ সদস্য হয়েও তার তেমন কোনো সম্পদ ছিল না। তার রাজনৈতিক জীবন সকলের জন্য অনুকরণীয়।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, আমরা এই মহান নেতার কাছে ঋণী। তার কাছে থেকে অনেক কিছু শিখেছি। তার আদর্শ অনুসরণ করলেই তার প্রতি শ্রদ্ধা জানানো হবে।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জজামান আসাদ, আব্দুল কাদির, আদীনাথ বসু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ড. আবু জাফর চৌধুরী বিরু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ উর রউফ, দপ্তর সম্পাদক এমএ রাসেল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল প্রমুখ।
