সৌদিতে গৃহকর্মী নিয়োগের বাছাই ২৪ থেকে ৩০ মে
প্রকাশিত : ০৪:৪৪ পিএম, ১৯ মে ২০১৫ মঙ্গলবার | আপডেট: ০৪:৪৪ পিএম, ১৯ মে ২০১৫ মঙ্গলবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : সৌদি আরবে গৃহকর্মী পেশায় নারী প্রার্থী নিয়োগের উদ্দেশ্যে আগামী ২৪ মে থেকে ৩০ মে পর্যন্ত ৪২টি জেলায় গৃহকর্মী বাছাই করা হবে। সংশ্লিষ্ট জেলার রিক্রুটিং এজেন্সির মাধ্যমে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বলা হয়েছে, যারা গৃহকর্মী হিসেবে কাজ করতে যাবেন তাদের নিম্নতম বেতন হবে ১৬ হাজার টাকা। ওভারটাইমসহ সেটি ২০ হাজার টাকা হবে। চাকরির মেয়াদ হবে দুই বছর। পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সুযোগ থাকবে। কর্মক্ষেত্রে কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যাবে। আর এই কর্মীদের পাঠানোর আগে যে প্রশিক্ষণ দেওয়া হবে, সরকারই সেই খরচ বহন করবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। লাগবে ১২ কপি ছবি, পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ ও স্থানীয় চেয়ারম্যানের সনদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট জেলা কর্মসংস্থান অফিস/কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।
১৯.০৫.২০১৫ 