এ বিজয় অন্ধকার থেকে আলোতে যাওয়ার : মতিয়া
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:৩০ পিএম, ১৯ জানুয়ারি ২০১৯ শনিবার
ফাইল ছবি
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, দেশরত্ন শেখ হাসিনা দেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ায় এ বিজয় পেয়েছেন।
আজ শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির নিরঙ্কুশ বিজয় উদযাপনে আয়োজিত মহাসমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মতিয়া চৌধুরী বলেন, গত ৩০ ডিসেম্বর জননন্দিত নেত্রী শেখ হাসিনাকে দেশের মানুষ অবস্মরণীয় এ বিজয় উপহার দিয়েছেন। খাদ্য ঘাটতির দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে, দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে, প্রতিবন্ধীদের প্রতি মানবিক সহায়তার জন্য, গ্রামকে শহরে পরিণত করতে এ বিজয় পেয়েছেন শেখ হাসিনা।
তিনি আরো বলেন, বিশ্ব ব্যাংক যখন পদ্মাসেতু থেকে মুখ ফিরিয়ে নেয় তখন শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করার ঘোষণা, স্যাটেলাইট উৎক্ষেপণ, দেশকে ডিজিটাল দেশে রুপান্তরের ফলে এবারের বিজয়। তিনি ১১ লাখ রোহিঙ্গাকে সমুদ্রে নিক্ষেপ না করে মায়ের মমতায় আশ্রয় দিয়ে বিশ্ব দরবারে নিজেকে মায়ের স্থানে বসিয়েছেন। এজন্য দেশের জনগণ এ বিজয় উপহার দিয়েছেন তাকে।
বেলা তিনটার দিকে সমাবেশস্থলে পৌঁছে মঞ্চে সভাপতির আসন গ্রহণ করেন শেখ হাসিনা। আড়াইটায়ই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। তারও আগে সাড়ে ১২টার দিকে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন।
সমাবেশস্থল নির্বিঘ্ন রাখতে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢেকে দেওয়া হয় সোহরাওয়ার্দী উদ্যান এলাকা।
