দুই রোহিঙ্গা নারী ইয়াবাসহ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:১৯ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রবিবার
ফাইল ছবি
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দুই রোহিঙ্গা নারীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
আজ রোববার সকালে চট্টগ্রাম নগরীতে আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। ফাতেমা বেগমকে (৩৭) কোতেয়ালী থানার স্টেশন রোড ও তৈয়বা খাতুনকে (২৪) নগরীর বাকলিয়া থানার মেরিনার্স রোড থেকে গ্রেফতার করা হয়।
তৈয়বা খাতুনের কাছে আড়াই হাজার পিস এবং ফাতেমার কাছে ৫শ’ পিস ইয়াবা পাওয়া গেছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
২০১৭ সালে কক্সবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ফাতেমা ও তৈয়বার পরিবার। ফাতেমা উখিয়া উপজেলার হোয়াইক্যং গ্রামে এবং তৈয়বা পরিবার নিয়ে টেকনাফের লেদা এলাকায় বসবাস করছে। দুজনের বিরুদ্ধে আলাদা মামলা দায়ের করা হবে।
