ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৬:০০:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মন্ত্রিদের সততার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৮ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদের মন্ত্রীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভের পর সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকের উদ্বোধনী ভাষণে তিনি এ নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, 'মন্ত্রিসভা সততা ও নিষ্ঠার সাথে তাদের কাজ করবে, প্রতিটি কাজ নিষ্ঠার সাথে করতে হবে, এটি সবসময় মনে রাখতে হবে।

তিনি বলেন, দেশের জনগণের প্রতি আমাদের দায়িত্ব ও দায়বদ্ধতা রয়েছে, যারা টানা তৃতীয়বার আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। আমরা এখানে দায়িত্ব পালন করতে এসেছি এবং সততার শক্তি সীমাহীন, আমরা অনেকবার সেটা প্রমাণ করতে পেরেছি।

শেখ হাসিনা বলেন, মন্ত্রিপরিষদ আন্তরিকতা ও সততার সাথে কাজ করলে দেশ উন্নত হবে। দেশের জনগণের নতুন সরকারের প্রতি আশা-আকাঙ্ক্ষা রয়েছে এবং সরকারকে সেগুলো পূরণ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ করা আমাদের একমাত্র কাজ।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। এটা আমাদেরও লক্ষ্য। আমরা সেই আশা পূরণের জন্য কাজ করবো। আমরা বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলবো।

নবনিযুক্ত মন্ত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের বিগত দুই আমলে উন্নয়নে যে ধারা শুরু হয়েছে, আগামী দিনেও তা বজায় রাখতে থাকবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সকাল ১০টায় তার তেজগাঁওস্থ কার্যালয়ে নবগঠিত মন্ত্রিসভার প্রথম এই বৈঠক শুরু হয়। এর আগে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম প্রধানমন্ত্রীকে টানা তৃতীয়বারসহ সবমিলিয়ে চতুর্থবারের মত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এ বৈঠকে ছয়টি আলোচ্যসূচি রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে- সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণ।

প্রথম মন্ত্রিসভা বৈঠকে রাষ্ট্রপতি সংসদে যে ভাষণ দেবেন তার খসড়া অনুমোদন করা হতে পারে। এ সংক্রান্ত ভাষণটির খসড়া মন্ত্রীদের কাছে পাঠানো হয়েছে।

রাষ্ট্রপতির ভাষণ ছাড়া বাকি পাঁচটি আলোচ্যসূচি হচ্ছে- গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইনের খসড়ার নীতিগত অনুমোদন। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইনের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন। জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন।

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র আইনের নীতিগত অনুমোদন এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এবং প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষা বিধিমালা-২০১৫ এর আলোকে প্রতিবন্ধীবিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার খসড়ার অনুমোদন।

-জেডসি