আসাদের সঙ্গে বৈঠক নিয়ে অনুশোচনা নেই তুলসীর
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৫৫ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ নিয়ে কোনো অনুশোচনা নেই বলে মন্তব্য করেছেন ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য তুলসী গ্যাবার্ড।
২০১৭ সালে বাশারের সঙ্গে তুলসীর বৈঠক হয়েছিল। যুদ্ধকবলিত সিরিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে বাশারের বিরুদ্ধে।
এর আগে আসাদের রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিয়ে নিজের সন্দেহের কথা জানিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল ৩৭ বছর বয়সী তুলসীকে।
সিএনএনের সাংবাদিক জেইক ট্রাপার তাকে জিজ্ঞাসা করেছিলেন, আসাদের সঙ্গে দেখা করা নিয়ে তার মধ্যে কোনো অনুশোচনা কাজ করছে কিনা।
জবাবে তিনি বলেন, নাহ, কোনো অনুশোচনা নেই। উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের তুলনা করেন বলেন, আসাদের সঙ্গে তার সাক্ষাৎও অনেকটা এমনই।
ইরাক যুদ্ধে অংশ নেয়া তুলসী বলেন, আমি নিজ চোখে যুদ্ধের খেসারত দিয়েছি। সে জন্য শান্তির জন্য লড়ব। আমরা এখানে পরিস্থিতির বাস্তবতার মুখোমুখি, সে কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আহ্বান জানাব- কিম জং উনের মতো লোকদের সঙ্গে বৈঠক করুন। কারণ আমরা জানি এখানে কী ঝুঁকি রয়েছে।
তার মতে, এ ধরনের বৈঠকের বিকল্প হচ্ছে- যুদ্ধে জড়িয়ে পড়া।
প্রসঙ্গত, মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য তুলসী গ্যাবার্ড দেশটিতে ২০২০ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কংগ্রেসে নির্বাচিত প্রথম হিন্দু প্রতিনিধি হলেন তুলসী। তিনি এখন মার্কিন ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য। ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। তুলসী প্রেসিডেন্ট প্রার্থী হলে যুক্তরাষ্ট্রের সামোয়ায় জন্ম নেওয়া প্রথম ব্যক্তি হবেন তিনি। এ ছাড়া তুলসীই প্রথম হিন্দু নারী, যিনি মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নাম লেখাতে যাচ্ছেন। ৩৭ বছর বয়সে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে নামতে যাচ্ছেন তুলসী। ইরাকযুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন তুলসীর লড়াইটা খুব একটা সহজ হবে না বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
-জেডসি
