ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ২:৩৫:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ত্রিপুরা সীমান্তে গ্রেফতার শিশু-নারীসহ ৩১ রোহিঙ্গার কারাদন্ড

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারত-বাংলাদেশের ত্রিপুরা সীমান্তে শূন্য রেখায় তিন দিন ধরে আটকে থাকা শিশু-নারীসহ ৩১ রোহিঙ্গাকে বিএসএফের সদস্যরা নিয়ে যাওয়ার পর পশ্চিম ত্রিপুরার একটি আদালত মঙ্গলবার তাদেরকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে।

এর আগে ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মুহাম্মদ গোলাম কবির মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, সকাল ৭টার দিকে গোপীনাথপুর ইউনিয়নের কাজিয়াতলী সীমান্তের শূন্যরেখা থেকে বিএসএফ সদস্যরা ওই রোহিঙ্গাদের নিয়ে যায়।

ভারত সরকার সে দেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বিতাড়ণের উদ্যোগ নেয়ায় সেদেশে অবস্থান নেয়া রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। তাদেরই একটি দলকে গত ১৮ জানুয়ারি সন্ধ্যায় কসবার কাজিয়াতলী সীমান্তের ২০২৯ নম্বর পিলারের কাছে কাঁটাতারের বেড়ার একটি পকেট গেইট দিয়ে বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করে বিএসএফ।

পরে বিজিবি বাধা দিলে রোহিঙ্গাদের দলটি শূন্যরেখায় অবস্থান নেয়। সেই থেকে শীতের মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করছিল ৬ পুরুষ, ৯ নারী ও ১৬ শিশুসহ ৩১ রোহিঙ্গার ওই দলটি।

রোহিঙ্গাদের ওই দলটির অধিকাংশই ভারতের জম্মু ও কাশ্মিরে আশ্রয় নিয়ে ছিলেন। ভারতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের দেয়া শরণার্থী পরিচয়পত্রও তাদের কারও কারও কাছে ছিল।

এ নিয়ে শনি ও রবিবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কয়েক দফা পতাকা বৈঠক হলেও তাতে কোনো সমাধান আসেনি। তবে মঙ্গলবার কোনো ঘোষণা ছাড়াই বিএসএফ ওই রোহিঙ্গাদের শূন্য রেখা থেকে সরিয়ে নিয়ে যায়।

বিএসএফ যেন রোহিঙ্গাদের বাংলাদেশে ঢোকাতে না পারে সেজন্যে সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে বলে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন।

-জেডসি