কিম জং হত্যাকান্ড, দুই নারীর বিচার মুলতবি
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার
ছবি : সংগ্রহ করা
উত্তর কোরীয় নেতার সৎ ভাইকে হত্যার অভিযোগে দুই নারীর বিচারের শুনানী আগামী মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ সোমবার শুনানী মুলতবি করা হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
২০১৭ সালের অক্টোবর মাস থেকে ইন্দোনেশীয় নাগরিক সিতি আইসিয়াহ ও ভিয়েতনামের নাগরিক দোয়ান থাই হুয়োং নামের ওই দুই অভিযুক্ত নারীর বিচার চলছে।
তাদের বিরুদ্ধে কুয়ালালামপুর বিমানবন্দরে কিং জং নামের মুখে ‘ভিএক্স’ নামে এক ধরনের শক্তিশালীয় রাসায়নিক স্প্রে করার অভিযোগ আনা হয়েছে।
২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের এই হত্যাকান্ড সারা বিশ্বকে স্তম্ভিত করে দেয়। তবে অভিযুক্ত দুই নারী হত্যার অভিযোগ অস্বীকার করেছেন।
তারা যে নামের মুখে বিষাক্ত জিনিষ স্প্রে করতে যাচ্ছে, তা তারা জানতেন না বলে দাবি করেন। তারা মনে করেছিলেন এটি একটি কৌতুক। উত্তর কোরীয় এজেন্টরা তাদের এমনটাই বুঝিয়ে প্রতারিত করেছে।
এই মামলায় বিপুল সংখ্যক সাক্ষ্য থাকায় এবং শুনানীগুলো অব্যাহতভাবে না হওয়ায় বিচার কার্যক্রম ধীর গতিতে চলছে। গত আগস্টে রাষ্ট্রপক্ষ মামলাটির উপস্থাপনা সম্পন্ন করার পর থেকে এই মামলার কোন শুনানী হয়নি।
আসামীপক্ষের আবেদনের প্রেক্ষিতে সর্বশেষ শুনানী হয়। তাদের পক্ষ থেকে প্রধান প্রত্যক্ষদর্শীর বিবৃতি উপস্থাপন করতে বলা হয়েছে।
রাষ্ট্রপক্ষ পাল্টা যুক্তি দিয়ে বলেছে, প্রকাশ্যে এই বিবৃতি উপস্থাপন করা উচিৎ নয়।
চলতি সপ্তাহে বেশ কয়েকটি পূর্ব নির্ধারিত শুনানী বাতিল করা হয়েছে। আগামী ১১ মার্চ এ বিচারকার্য পুনরায় শুরু হবে।
বিচারের প্রথম মাসগুলোতে আদালতে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সৎ ভাইকে হামলার সিসিটিভির ফুটেজ দেখানো হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা একে পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবি করেন।
এদিকে এই হত্যাকান্ডের নির্দেশ দাতা হিসেবে উত্তর কোরিয়াকে অভিযুক্ত করেছে দক্ষিণ কোরিয়া। এদিকে পিয়ংইয়ং বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
দোষী প্রমাণিত হলে প্রচলিত আইনে ওই দুই নারীর মৃত্যুদন্ড হবে। মালয়েশিয়ার নতুন সরকার মৃত্যুদন্ড তুলে দেয়ার অঙ্গীকার করলেও এজন্য পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন।
