টিআইবি রিপোর্টের ব্যাখ্যা চাইলো দুদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:৪১ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশের দুর্নীতি বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির প্রকাশিত রিপোর্টের বিস্তারিত ব্যাখ্যা চেয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের কাছে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দুদক চেয়ারম্যান বলেন,‘টিআই এর লোকাল শাখার কাছে আমরা ব্যাখ্যা চাই যে, কীভাবে এবং কী কী কারণে দুর্নীতি বেড়েছে। ফ্যাক্টস অ্যান্ড ফিগার না দিলে সেই রিপোর্ট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উই ওয়ান্ট টু স্পেসিফিকেশন। মুখের কথায় নম্বর করা যায় না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টিআইকে প্রতিপক্ষ নয় উল্লেখ করে ইকবাল মাহমুদ বলেন, সারা বিশ্বে অর্থপাচারের বিষয় আছে। আমরা দুর্নীতি বন্ধ করতে পারবো না, কমাতে পারবো।
আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডিস্থ মাইডাস ভবনে নিজেদের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বজুড়ে দুর্নীতির ধারণাসূচক (সিপিআই) ২০১৮-এর প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এতে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম উল্লেখ করা। যা আগের বারের চেয়ে চারধাপ অবনতি হয়েছে।
-জেডসি
