ঠাণ্ডায় অ্যান্টার্কটিকাকে টপকে রেকর্ড গড়লো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৪৬ এএম, ৩১ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
এবার অ্যান্টার্কটিকাকে হারিয়ে রেকর্ড গড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্রের শিকাগো। এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়বে। এ ঠাণ্ডা ছাড়িয়ে যাবে ‘বরফের মহাদেশ’ নামে খ্যাত অ্যান্টার্কটিকা, আলাস্কা ও উত্তর মেরু অংশের মতো উল্লেখযোগ্য মাইনাস ডিগ্রির তাপমাত্রাকেও।
বিশেষ করে বুধবার অঙ্গরাজ্যটির তাপমাত্রা নতুন সব রেকর্ড ভেঙে নিচে নেমে যাবে। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, শিকাগো হবে শীতলতম অঞ্চল। যেখানে এর তাপমাত্রা রেকর্ড গড়বে নতুন করে।
কোথাও কোথাও তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে বলেও আশঙ্কা তাদের। ঠাণ্ডা বাতাসের ঝাপটায় গ্রেট লেক অঞ্চলের উত্তরে তাপমাত্রা অনুভূত হতে পারে মাইনাস ৬৫ ডিগ্রি সেলসিয়াসের মতো।
ভয়াবহ এ শীত এরই মধ্যে মিনেসোটা অঙ্গরাজ্যের এক ব্যক্তির প্রাণ কেড়ে নিয়েছে বলে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে।
দেশটির আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, অঙ্গরাজ্যটির উইন্ডি শহরের তাপমাত্রা নামবে মাইনাস ২৩ ডিগ্রি ফারেনহাইটে (-৩০.৫ ডিগ্রি সেন্টিগ্রেড)।
শিকাগো জাতীয় আবহাওয়া পরিষেবা অনুসারে, বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে শিকাগোর তাপমাত্রা -২৫ এর নিচে নামবে বলে পূর্বাভাস রয়েছে। এ হিসেবে বৃহস্পতিবার সকালে উত্তর মেরুর থেকেও ঠাণ্ডা হবে শিকাগো।
বৃহস্পতিবার পর্যন্ত এ ভয়াবহ ঠাণ্ডা থাকবে বলে পূর্বাভাসে ধারণা দিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ। মধ্যপশ্চিমাঞ্চল ও নিউ ইংল্যান্ডের প্রায় ৯ কোটি মানুষকে শূন্য ডিগ্রি কিংবা তার নিচের তাপমাত্রার মুখোমুখি হতে হচ্ছে।
এর মধ্যে আড়াই কোটি লোককে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রার সঙ্গে লড়তে হবে। তীব্র এ শীতের সঙ্গে ঠাণ্ডা বাতাস কয়েক মিনিটের মধ্যেই যে কাউকে ‘ফ্রস্টবাইটে’ আক্রান্ত করতে পারে বলেও সতর্ক করেছে মার্কিন আবহাওয়া বিভাগ।
শিকাগোর সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ছিল মাইনাস ২৭ ডিগ্রি সেলসিয়াস। ১৯৮৫ সালের ২০ জানুয়ারির এ রেকর্ড এবার ভেঙে যেতে পারে বলেই অনুমান অনেকের। বৃহস্পতিবার সকালে শহরটির তাপমাত্রা মাইনাস ২৭ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
ইউরোপীয় একটি পূর্বাভাস মডেলে অবশ্য চলতি সপ্তাহেই শহরটির তাপমাত্রা মাইনাস ২৯ ডিগ্রিতে পৌঁছাবে বলে ধারণা দেয়া হয়েছে।
-জেডসি
