ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ১৮:৫৫:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নাইকো মামলা বাতিলে খালেদা জিয়ার আবেদনের রায় যে কোন দিন

প্রকাশিত : ০৬:১০ এএম, ২৯ মে ২০১৫ শুক্রবার | আপডেট: ০৬:১০ এএম, ২৯ মে ২০১৫ শুক্রবার

1422328410স্টাফ করেসপন্ডন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। তবে সুনির্দিষ্ট দিন ধার্য না করে রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমান রেখেছে আদালত। এখন আদালত যে কোন দিন রায় ঘোষণা করতে পারে। আবেদনের ওপর শুনানি গ্রহণ করে বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম ২০০৭ সালের ৯ ডিসেম্বর নগরীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়। পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। ২০০৮ সালের ১৫ জুলাই হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করে। এই রুলের ওপর খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ও দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান শুনানি করেন। ২৯.০৫.২০১৫