নতুন সরকারের সাথে কাজ করবে ইইউ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৪৬ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশের কাঙ্খিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে দেশের নতুন সরকারের সঙ্গে এক সাথে কাজ করতে গভীর আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
শনিবার বাংলাদেশ-ইইউ সম্পর্ক বিষয়ক এক সেমিনারে বক্তৃতায় বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেঞ্জি তেরিং এ কথা বলেন। কসমস ফাউন্ডেশন নামের একটি সংগঠন রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক: ভবিষ্যতের জন্য পূর্বাভাস’ শিরোনামের এই সেমিনারের আয়োজন করে। খবর বাসস।
রাষ্টদূত বলেন, বাংলাদেশ বিগত এক বছরে ব্যাপক অর্থনৈতিক অগ্রগতি সাধন করেছে। আগামী দিনগুলোতে বাংলাদেশের জন্য টেকসই ও অগ্রসরমান প্রবৃদ্ধি প্রয়োজন। আমি মনে করি, কাঙ্খিত এই প্রবৃদ্ধি অর্জন করা নতুন সরকারের জন্য একটি চ্যালেঞ্জ।
বাংলাদেশের অর্থনীতির সুফল দেশের সকল মানুষের মধ্যে সমবণ্টন করার ওপর গুরুত্বারোপ করে ইইউ রাষ্ট্রদূত বলেন, প্রবৃদ্ধির সুফল সকলের মধ্যে সমহারে বণ্টন করতে না পারলে দারিদ্র্য পুরোপুরি বিমোচন হবে না।
অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক বলেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক খুবই চমৎকার এবং বিভিন্ন বিষয়ে উভয় পক্ষই একে অপরের মঙ্গল কামনা করে।
-জেডসি
